প্রকাশ : ০২ মে ২০২৬, ১২:৪৩
মরহুম চেয়ারম্যান আব্দুর রশিদ খান স্মরণে প্রিমিয়ার লীগে বাবুরহাট সামাজিক সংগঠন চ্যাম্পিয়ন

মরহুম চেয়ারম্যান আব্দুর রশিদ খান স্মরণে অনুষ্ঠিত 'প্রিমিয়ার লিগ ফ্রিজ ও কম্পিউটার কাপ ফুটবল টুর্নামেন্ট'-এর জমজমাট ফাইনাল খেলায় বাবুরহাট সামাজিক সংগঠন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার (১ মে ২০২৬) আশিকাটি চাঁদখাঁর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সরকার বাড়ি রাইজিং ক্লাবের মুখোমুখি হয় বাবুরহাট সামাজিক সংগঠন। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় উভয় দল গোলশূন্য ড্র করে। পরে টাইব্রেকারে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ৪-৩ গোলের ব্যবধানে সরকার বাড়ি রাইজিং ক্লাবকে পরাজিত করে বাবুরহাট সামাজিক সংগঠন চ্যাম্পিয়ন হয়। মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। পুরো সময়জুড়ে এলাকায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইয়াছিন ফরহাদ রাসেল, প্রধান পৃষ্ঠপোষক আল-হিলাল ফাউন্ডেশন এবং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের যুব সমাজ খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী। এ ধরনের আয়োজন তাদের সঠিক পথে পরিচালিত করে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আয়োজকদের প্রশংসা করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। চ্যাম্পিয়ন দল বাবুরহাট সামাজিক সংগঠনের ম্যানেজার আনিসুজ্জামান জুয়েল, হাসান মাল ও বাবু মাল দলের এই সাফল্যে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
ম্যানেজার আনিসুজ্জামান জুয়েল বলেন, “দলের প্রতিটি খেলোয়াড় তাদের সর্বোচ্চ দিয়ে খেলেছে বলেই আমরা এই জয় অর্জন করতে পেরেছি। এটি বাবুরহাট এলাকার জন্যে গর্বের বিষয়।” তিনি ভবিষ্যতে আরও বড়ো বড়ো টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
পুরো টুর্নামেন্ট জুড়ে এলাকার তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে এবং এলাকায় একটি ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।







