মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৪:০০

চাঁদপুরের অন্যতম আলোচিত ক্রীড়া সংগঠন ব্রাদার্স ক্লাব

মো. মিজানুর রহমান
চাঁদপুরের অন্যতম আলোচিত ক্রীড়া সংগঠন ব্রাদার্স ক্লাব

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম আলোচিত ক্রীড়া সংগঠন হলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। যার শুরুর নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মুজিবুর রহমান। চাঁদপুর শহরের রূপালী ব্যাংক নাজিরপাড়া শাখার দ্বিতীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এই ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়কের দায়িত্বে ছিলেন। সদস্য সচিবের দায়িত্ব পালন করেন ওই রোডের বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন খান। আর ফুটবল দলের নেতৃত্বে ছিলেন চাঁদ বেকারীর বিএম হারুনুর রশিদ।

চাঁদপুর ব্রাদার্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। হাজী মহসীন রোডস্থ গাজী বোর্ডিংয়ের নিচতলায় বজলুর স্পোর্টস সামগ্রী বিক্রির দোকান থেকে এ ক্লাবের সূচনা হয় বলে জানা যায়। এর আগে কুমিল্লা রোডস্থ আমেরিকান হোমিও হলের হোমিও চিকিৎসক সমর কান্তি দে ব্যাংকার মুজিবুর রহমানকে প্রস্তাব দেন ব্রাদার্স ক্লাব করার জন্যে। সেই মতে, মুজিবুর রহমান ঢাকা ব্রাদার্স ক্লাবের সাথে যোগাযোগ করে বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকার ছোট ভাই ব্রাদার্স ক্লাবের জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ভাইয়ের সহযোগিতায় ক্লাব জার্সি, পতাকা এবং গঠনতন্ত্র এনে চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করেন।

১৯৮৪ সালে ঢাকা গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের চাঁদপুর শাখা হিসেবে এখানে ব্রাদার্স ক্লাব করা হয়। প্রথম থেকে হাজী মহসীন রোড এলাকার সমর কান্তি দে, মফু, নাজিম, স্বর্ণ ব্যবসায়ী সুভাষ, গোপাল সাহা, বাদল, বজলুর রহমান, ফারুক চৌধুরী, জিন্নাহ পাটোয়ারী, জাকির হোসেন খান, স্টুডিওর হাবিব খান, ঢাকা কনফেকশনারীর কণা ভাই, চাঁদ বেকারীর হারুন, জিন্না খান, হাকিম খান, সুলতান মোল্লাসহ আরো অনেকে নিজেদের অর্থ ব্যয় এবং পরিশ্রম করে এ ক্লাবের খেলাধুলার কার্যক্রমকে গতিশীল করেন। এ ক্লাবের মূল উদ্দেশ্য ছিলো নতুন খেলোয়াড় সৃষ্টি করা।

বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মুজিবুর রহমানের পরবর্তীতে চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, হাজী মহসীন রোডের বাসিন্দা জাকির খান, মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল,

চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের জ্যেষ্ঠ পুত্র সালাউদ্দিন আহমেদ শান্ত প্রমুখ।বর্তমানে এ ক্লাবের সভাপতি চাঁদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক চাঁদপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

প্রায় ৪২ বছরের বেশি সময় ধরে চাঁদপুরে ব্রাদার্স ক্লাবের

তারুণ্যনির্ভর ফুটবল টিমের সাফল্যের অনেক রেকর্ড রয়েছে। ফ্যামিলি প্লানিং ফুটবল টুর্নামেন্টে স্থানীয় আবাহনী ক্লাবকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের গৌরব অর্জন করে চাঁদপুর ব্রাদার্স ক্লাব। এরপর জেলা ফুটবল এবং ক্রিকেট লিগ-টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ হবার সাফল্যের রেকর্ড গড়া এ ক্লাবের ইতিহাস অনেক সমৃদ্ধ, যা চাঁদপুর ক্রীড়াঙ্গনের অন্যতম গৌরবময় দিক। এই দীর্ঘ সময়ে ব্রাদার্স ক্লাব নিয়মিত সাফল্য ও নতুন খেলোয়াড় তৈরির ধারা অব্যাহত রেখেছে।

ক্লাব কর্মকর্তারা জানান, চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রতিষ্ঠার পর নাজিরপাড়ার তারুণ্যনির্ভর ক্লাব সেভেন স্টারের ফুটবলাররা ব্রাদার্স ক্লাবে একীভূত হয়। সেই থেকে চাঁদপুরের ফুটবল অঙ্গনে ব্রাদার্স ক্লাবের তরুণ ফুটবল খেলোয়াড়রা অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দেয়। প্রথমদিকে এ ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন ফারুক চৌধুরী। তিনি আমেরিকা প্রবাসী হওয়ায় তাঁর বড়োভাই মফিজ চৌধুরী চাঁদপুর ব্রাদার্স ক্লাবের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। মফিজ চৌধুরীর সাথে হাকিম খান ও সুলতান মোল্লার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্রাদার্স ক্লাবের একঝাঁক তরুণ ফুটবলার চাঁদপুরের ফুটবলকে আঁকড়ে রাখেন। পেছন ফিরে তাকালেই এখনো অনেকের মাঝেও চোখে পড়বে ক্লাবের একাধিক উজ্জ্বল মুখ আর বহু অর্জন। সবচেয়ে বেশি সফল্য এসেছে ফুটবলে। এছাড়া ক্রিকেট,সাঁতার ব্যাডমিন্টন, লন টেনিসে শিরোপা জিতেছে চাঁদপুর ব্রাদার্স ক্লাব।

চাঁদপুরের ক্রীড়াঙ্গনে এখনো জ্বলজ্বল করে ভাসছে ব্রাদার্স ক্লাবের তরুণ ফুটবলারা। হাজী মহসীন রোডের চাঁদ বেকারীর হারুনকে নিয়ে এই ব্রাদার্স ক্লাবেরই লিটল ব্রাদার্স নামে জুনিয়র ফুটবল শাখা ছিলো। শিশুদের ফুটবল খেলায় আকৃষ্ট এবং খেলোয়াড় তৈরি করার জন্যে লিটল ব্রাদার্স নামে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন ছিলো কয়েক বছর। তখন চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের অঙ্গ প্রতিষ্ঠান লিটল ব্রাদার্সের দায়িত্ব পালন করেন চাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক একাত্তর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক কাজী মো. জিয়াউর রহমান বেলাল।

ইতিহাস আর ঐতিহ্যে দারুণ সমৃদ্ধ এই ক্লাবের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল লীগে খেলেছেন প্রয়াত মোনায়েম মুন্নাসহ ন্যাশনাল টিমের ঢাকা ব্রাদার্স ইউনিয়নের তারকা ফুটবলাররা।

আর স্থানীয় প্লেয়ার হিসেবে এ ক্লাবের হয়ে নিয়মিত খেলতেন হারুন, আমিন মোল্লা, জাহাঙ্গীর পাটোয়ারী, জসিম, মাসুদ ভূঁইয়া, আমিন গাজী, আফজাল, সংগ্রাম, গোলকিপার আমিনুল, তুহিন, বিষ্ণুদীর আলমগীর, স্ট্র্যান্ড রোডের মোস্তফা, ফায়ার সার্ভিসের মুজিব, কুমিল্লা রোডের খোকন চৌধুরী, মরহুম মফিজ ভূঁইয়াসহ একঝাঁক তরুণ ফুটবলার।

চাঁদপুরের ক্রীড়াঙ্গনে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের

দুর্বার গতিতে এগিয়ে চলার কৃতিত্বের সুনাম এক সময় মানুষের মুখে মুখে ছিলো। চাঁদপুর শহরে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে এই সংগঠনকে আবারো সক্রিয় ভূমিকায় দেখা যাবে-- এমনটাই প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়