প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২০:২২
অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির ঘটনার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেলে সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টরকি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টরকি হাসপাতালের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। সমাবেশে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়াই তাঁদের প্রত্যাশা বলেও উল্লেখ করেন।
মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন মোল্লা শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








