প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৯
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুর শহরের কদমতলাস্থ বাসভবন এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাতে আধা ঘণ্টার ব্যবধানে এ দুটি ঘটনা ঘটে। তবে কে বা কারা এবং কী কারণে এই আগুন লাগিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
|আরো খবর
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে চাঁদপুর শহরের কদমতলা রোড এলাকায় অবস্থিত ডা. দীপু মনির পরিত্যক্ত বাসভবনের একটি কক্ষে প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। উল্লেখ্য, একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে ডা. দীপু মনি বর্তমানে কারাগারে রয়েছেন।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ (কুমুরুয়া) গ্রামে সুজিত রায় নন্দীর পৈতৃক বাড়িতে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
অন্যদিকে, সুজিত রায় নন্দীর বাড়ির ঘটনার বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করেছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অগ্নিকাণ্ডের সূত্র উদ্ঘাটনে কাজ চলছে।








