শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:৪৮

বিএনপি নেতাদের আশ্বাসে ফরিদগঞ্জে সাংবাদিকদের সংবাদ বর্জনের সিদ্ধান্ত স্থগিত

বিএনপি নেতাদের আশ্বাসে ফরিদগঞ্জে সাংবাদিকদের সংবাদ বর্জনের সিদ্ধান্ত স্থগিত
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের অসদাচরণ, হুমকি ও লাঞ্ছনার অভিযোগে দলটির সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। সাংবাদিকদের সুরক্ষা, পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাসের পর মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় আয়োজিত এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে বিএনপির সব ধরনের সংবাদ বর্জনের ডাক দেয় ফরিদগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন ফরিদগঞ্জের সব পর্যায়ের সাংবাদিক এবং জেলা থেকে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো।

প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নাছির পাটওয়ারী, মহসিন পাটওয়ারী, মো. ফজলুর রহমান, জিএস মামুন, এএমএম টুটুল পাটওয়ারী ও সেলিম হোসেন রাঢ়ী।

বৈঠকের শুরুতে প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের ওপর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর চিত্র তুলে ধরে বলেন, “গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিক অনিয়মের সমালোচনা করবেন এবং সংশ্লিষ্ট পক্ষ তথ্যের ভিত্তিতে জবাব দেবে। তবে কোনো সাংবাদিক পেশাগত ভুল বা অসদাচরণ করলে তাকেও বিধিমোতাবেক জবাবদিহির আওতায় আনা হবে।”

বৈঠকে উপস্থিত বিএনপি নেতারা সাংবাদিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

এ সময় বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের নির্দেশে তাঁরা এই বৈঠকে অংশ নিয়েছেন। বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিতে ঢাকায় ব্যস্ত থাকায় তিনি সরাসরি উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। নেতারা আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

আলোচনা শেষে বিএনপি নেতাদের অনুরোধ ও সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতে সংবাদ বর্জনের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা প্রেসক্লাব সভাপতি ও উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বৈঠকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য মামুনুর রশিদ পাঠান, মানিক পাঠান, নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, মো. মহিউদ্দিন, মশিউর রহমান, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, নারায়ণ রবি দাস, ইমাম হোসেন সৌরভ, রুহুল আমিন খান স্বপন, আনিসুর রহমান সুজন, এসএম ইকবাল, শিমুল হাসান, শাকিল মুশফিক, আমান উল্যাহ খান ফারাবী, জসিম উদ্দিন (১), মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কেএম নজরুল ইসলাম, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু ও জসিম উদ্দিন (২) উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়