মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯

ফরিদগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করাই আমার মূল লক্ষ্য

: মোতাহার হোসেন পাটওয়ারী

নুরুল ইসলাম ফরহাদ।
ফরিদগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করাই আমার মূল লক্ষ্য

বর্ণাঢ্য আয়োজনে আনন্দ-উচ্ছ্বাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ সদরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় নেতাকর্মীরা বাদ্যবাজনা, দলীয় ও জাতীয় পতাকা এবং প্রতীক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘ দিন পর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশকে এক কাতারে দেখা যায়, যা সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

এর আগে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মাঠে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন মোতাহার হোসেন পাটওয়ারী। র‍্যালি শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ফরিদগঞ্জ অঞ্চলের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোতাহার হোসেন পাটওয়ারী।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পিংকু, সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, মো. জাকির পাটওয়ারী, আব্দুর রহমান, মো. মাসুদ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক সদস্য সচিব আব্দুল মতিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, "দীর্ঘ ১৭ বছর দেশের সাধারণ মানুষ এক স্বৈরশাসকের অধীনে অবরুদ্ধ ছিল। কথা বলার স্বাধীনতা ছিল না; বিএনপির নেতাকর্মীরা নিজ বাড়িতে ঘুমাতে পারেননি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দেড় দশকেরও বেশি সময় পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সর্বক্ষেত্রে যে বিশৃঙ্খলা তৈরি করে গেছে, তা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কিছু সময় লাগবে। বিএনপি অবশ্যই জনগণের এই ভালোবাসার সঠিক মূল্যায়ন করবে।"

তিনি আরও বলেন, "মনে রাখবেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ধমনীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত। তিনি তাঁর পিতার মতোই দেশকে এগিয়ে নেবেন।"

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, "আমাদের পরম সৌভাগ্য যে আমরা জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক নেতা পেয়েছিলাম। ১৯৭১ সালে তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং নিজে অস্ত্র হাতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে 'বীর উত্তম' খেতাবে ভূষিত করা হয়। অথচ বিগত জালিম সরকার এই মহান নায়ককে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে। আজ তাঁরই প্রতিষ্ঠিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি ফরিদগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দলের নেতৃত্ব পেলে ফরিদগঞ্জ বিএনপিকে একসুতোয় গেঁথে পুরোপুরি ঐক্যবদ্ধ করাই হবে আমার প্রধান লক্ষ্য।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়