বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০১:১৮

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৫৭

ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকাই প্রধান লক্ষ্য

-------------মেম্বার প্রার্থী মো. ইয়াসিন প্রধান

মুহাম্মদ আরিফ বিল্লাহ
ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকাই প্রধান লক্ষ্য

মো. ইয়াসিন প্রধান মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আসছে স্থানীয় সরকার নির্বাচনে তিনি তাঁর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হবেন। তিনি তাঁর এলাকার গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন।

চাঁদপুর কণ্ঠকে দেয়া তাঁর সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো---

চাঁদপুর কণ্ঠ : আপনি কেনো সদস্য (মেম্বার) পদে নির্বাচন করবেন?আপনার পরিচিতি সম্পর্কে একটু বলুন।

মো. ইয়াসিন প্রধান : জনস্বার্থে নিবেদিত হয়ে কাজ করার মানসিকতা নিয়ে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করতে চাই। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির প্রান্তিক কেন্দ্র হলো ওয়ার্ড। আমার জনগণ আমার প্রতিবেশী। তাদের সুখ-দুঃখে পাশে থাকার ধ্যান ধারণা থেকে মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

আমার ব্যক্তিগত পরিচয় হলো : আমি মো. ইয়াছিন প্রধান, পিতা মরহুম আব্দুল মজিদ প্রধান। তিনি একজন কৃষক ছিলেন। মাটি ও মানুষের সাথে মিশে বড় হয়েছি। পেশায় আমি একজন টেইলার। নিজের ব্যবসা পরিচালনা করে জীবন নির্বাহ করার চেষ্টা করি। মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান। সাবেক ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সেক্রেটারি এবং বর্তমানে ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচিত হলে আপনার ওয়ার্ডের জন্যে প্রথম তিনটি অগ্রাধিকারমূলক কাজ কী হবে?

মো. ইয়াসিন প্রধান : আমার ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে। তবে আমি জনগণের ভোটে নির্বাচিত হলে যে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করবো তার মধ্যে কিশোর গ্যাং, মাদক নির্মূল এবং এলাকার বিদ্যালয়গামী শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরিবেশ তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের প্রজন্মকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি, তবেই আমাদের সমাজসেবামূলক কাজের সার্থকতা হবে। আমার এলাকার বিদ্যালয়গুলোতে আমাদের মেয়েরা যেনো নিরাপদে আসা-যাওয়া করতে পারে সেজন্যে ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গন গঠনে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করবো।

চাঁদপুর কণ্ঠ : আপনার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা কী এবং তা সমাধানে আপনার পরিকল্পনা কী?

মো. ইয়াসিন প্রধান : আমার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা মাদক। এটি নির্মূলে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। সমাজের সকল শ্রেণি পেশার মানুষ এবং প্রশাসনের সহায়তায় মাদকমুক্ত ৭নং ওয়ার্ড গঠন করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।

চাঁদপুর কণ্ঠ : ভোটাররা কেনো অন্য প্রার্থীদের বাদ দিয়ে আপনাকেই ভোট দেবেন বলে আপনি মনে করেন?

মো. ইয়াসিন প্রধান : নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে। অন্যান্য প্রার্থীর মতো সমাজে আমারও একটা পরিচিতি আছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতির ন্যায় দায়িত্ব পালন করতেছি ২ বছর যাবৎ। আমি আমার রাজনৈতিক এবং সামাজিক কাজ কর্মে সবসময় চেষ্টা করেছি মানুষের কল্যাণে নিবেদিত থাকা। তাই আমি মনে করি আসন্ন ইউপি নির্বাচনে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভোটাররা অন্য প্রার্থীর চেয়ে আমাকে ভোট দিতে আগ্রহী হবে।

চাঁদপুর কণ্ঠ : উপরের চারটি প্রশ্নের বাইরে আপনার আর কোনো বক্তব্য থাকলে উল্লেখ করতে পারেন।

মো. ইয়াসিন প্রধান : আমি আমার ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে চাই। জনপ্রতিনিধি হতে পারি বা না পারি জনগণের মাঝে তাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। সেজন্য আমি গত ছয় মাস যাবৎ আমার ওয়ার্ডের প্রতিটি মসজিদে জুমার নামাজের সময় গ্রামবাসীর কাছে দোয়া চেয়েছি। যাতে ন্যায় ও ইনসাফ নিয়ে বেঁচে থাকতে পারি।

আমি জনগণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতি করার অপরাধে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ২০১৮ সালে গ্রেফতার হয়ে ৬ মাস কারাবরণ করি। আমি ৫টি মিথ্যা মামলার আসামি ছিলাম। আমার এ ত্যাগ জনকল্যাণে ব্যয় করার সুযোগ পাওয়ার জন্যে সকলের দোয়া চাই।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়