রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০:৩৪

চাঁদপুরে জামাতসহ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপিকে বাধ্য করা হবে

-----জেলা জামায়ত আমির মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপিকে বাধ্য করা হবে
গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট চাঁদপুর জেলার সমাবেশ বক্তব্য রাখছেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। পাশে বিক্ষোভ মিছিলের একাংশ।

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য চাঁদপুর জেলার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে অনুষ্ঠিত সমাবেশশেষে একটি বিরাট বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বলেন, আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রীসভা, এমনকি সংসদ সদস্যরা জুলাই বিপ্লবের কারণে নির্বাচিত হয়েছেন। একদলকে বিদায় করে আরেকদলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্যে রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্যে। এ জন্যেই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি। অনেক রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছে। আজও সময় থাকতে সহজে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্যে সুফল বয়ে আনবে না।

তিনি বলেন, বিএনপি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ

জনস্বার্থবিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিলো। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠী 'হ্যাঁ'-এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি এখন টালবাহানা শুরু করেছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া। শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন এনসিপি চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, নূরে আলমসহ ১১ দলের বিভিন্ন নেতা-কর্মীরা।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ বাহিনীকে দমন-পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই এগারো দলীয় ঐক্যের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে। এতেও যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়