প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৩৯
চান্দ্রায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
ইসলামের আদর্শ বাস্তবায়ন করে কল্যাণমুখী সমাজগঠন সম্ভব
------------------জেলা সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দারুল আরকান তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া।
তিনি বলেন, রমজান আমাদের আত্মসংযম, তাকওয়া ও আল্লাহভীতির শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে শিখায় আমরা কারও হুকুম মানি না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। তিনি আরও বলেন, রমজানের প্রকৃত শিক্ষা সমাজে ন্যায়বিচার, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, সদর উপজেলার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, জামায়াত নেতা ও অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল কাদির খান। চান্দ্রা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাক্তার মোহাম্মদ ইকবাল খানের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মাওলানা মনির হোসাইনের পরিচালনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোহাম্মদ জসিম মাঝিসহ প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।







