বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪১

রূপসা দক্ষিণে নারীদের ভোটে ফেরাতে ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী দায়িত্বের সকলেই নারী

প্রবীর চক্রবর্তী
রূপসা দক্ষিণে নারীদের ভোটে ফেরাতে ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী দায়িত্বের সকলেই নারী
ছবি :সংগৃহীত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা পীরের অনুরোধ মেনে গত ৫৪ বছর ধরে ভোটকেন্দ্রে ভোট দিতে যান না। মাঝে মধ্যে কিছু নারী ভোটার ভোট দিলেও তা ছিলো নামেমাত্র। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে নারীদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে নারী ম্যাজিস্ট্রেটসহ সকল নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

জানা গেছে, সত্তর দশকে জৈনপুরের পীর সাহেবের অনুরোধ মেনে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ওই এলাকার কোনো নির্বাচনের সময়ই ভোট দিতে যান না। মাঝে মধ্যে দু-একটি নির্বাচনে প্রার্থীদের নিকট স্বজনরা ভোট দিলেও তার সংখ্যা ছিলো নামমাত্র। যদিও ভোট ছাড়া অন্য সকল সামাজিক কর্মকাণ্ডে ওই ইউনিয়নের নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের পর্দা নিশ্চিত করে যে কোনো মূল্যে নারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবে রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ৮টি ভোটকেন্দ্রের জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৯ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রে নারীদের ভোটগ্রহণের জন্যে ২০টি বুথ তৈরি করা হয়েছে। এসব বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সকল পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ভিডিপি সদস্যদের পাশাপাশি ৮টি ভোটকেন্দ্রের জন্যে একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ জন প্রার্থীকে এসব বুথে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্যে লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, নারীদের পর্দা মেনে ভোটাধিকার প্রয়োগের জন্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ওই ইউনিয়নে ব্যাপক প্রচারণার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, এবার নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসবেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়