প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৭
চাঁদপুর সদরের ছয়টি ইউনিয়নে গাড়িতে রোড শো
উন্নয়নের পাশাপাশি মানুষের সার্বিক নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ
---------- মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ পিক-আপে করে রোড শো-র মাধ্যমে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন। তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সদর উপজেলার ছয়টি ইউনিয়ন এবং পৌরসভার একটি ওয়ার্ডে পিক-আপ গাড়িতে করে নির্বাচনী প্রচারণা এবং ব্যাপক গণসংযোগ করেন। এছাড়া তিনি কয়েকটি এলাকায় পথসভা করেন।
শনিবার দুপুর ২টায় ১৩নং ওয়ার্ডস্থ রেলওয়ে হোসাইনিয়া মসজিদের সামনে থেকে গাড়ির রোড শো বের হয়। চাঁদপুর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে এই রোড শোতে আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন।
গাড়ির সামনে থেকে প্রার্থী আহসান উল্লাহ জনতাকে হাত উঁচিয়ে অভিবাদন জানান। সদর উপজেলার মৈশাদী, শাহমাহমুদপুর, রামপুর, আশিকাটি, কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়নে দুপুর ২টা থেকে রাত ৮টা থেকে গণসংযোগ ও প্রচারণা করা হয়।
এসব জায়গায় পথসভায় তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সব সরকারের সময় কম-বেশি উন্নয়ন হয়েছে। তবে উন্নত রাষ্ট্র এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে হলে একমাত্র উন্নয়নই সব কিছু নয়। মানুষ সামাজিক নিরাপত্তাও চায়। মানুষ এমন সমাজ চায় যেখানে মানুষের নিঃসংকোচে কথা বলার অধিকার থাকবে, জীবনের নিরাপত্তা থাকবে, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে, স্বাধীন জীবন যাপনের শতভাগ গ্যারান্টি থাকবে। কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, মাস্তানি, লুটপাট, দখলবাজি, দলবাজি, মব সন্ত্রাস এসব থাকবে না। তাই উন্নয়নের পাশাপাশি মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে একটি সুফিবাদী সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই এমন একটি মানবিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং মৌলিক চাহিদা বৈষম্যহীনভাবে ভোগ করবে। আর এ লক্ষ্যেই সকলের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা মোমবাতি মার্কায় দেবেন।







