প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭
চাঁদপুর-৩ আসনের এমপি ও তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

সাংবাদিকতা ও প্রকাশনা জগতের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইন যুগোপযোগী করার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে আইনটির ৭ ধারাসহ প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের বিষয়টি নিয়ে চঁাদপুরের সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। অবশেষে সেই দাবি জাতীয় সংসদে উত্থাপিত হওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। এ জন্য চঁাদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের প্রতি চঁাদপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
চঁাদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর লিখিত আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সাংবাদিকদের দীর্ঘদিনের দাবিকে জাতীয় পর্যায়ে আলোচনার সুযোগ করে দিয়েছেন। একজন জনপ্রতিনিধির কাছে নিজ এলাকার মানুষের প্রত্যাশা কেবল উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; পেশাজীবী ও নাগরিক সমাজের ন্যায্য দাবিগুলো রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরাও তঁার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে তঁার উদ্যোগ চঁাদপুরের সাংবাদিকদের প্রত্যাশাকে সংসদীয় আলোচনায় স্থান দিয়েছে।
অন্যদিকে, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান সংসদে তঁার জবাবে জানিয়েছেন, ছাপাখানা ও প্রকাশনা আইনটি যুগোপযোগী করতে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় পর্যায়ে একাধিক সভাও অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রীর এই বক্তব্য সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করে। আমরা আশা করি, পর্যালোচনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আইন সংশোধনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রণীত আইনটি তৎকালীন মুদ্রণ ও প্রকাশনা ব্যবস্থার বাস্তবতার আলোকে তৈরি হয়েছিল। কিন্তু সময়ের পরিবর্তনে মুদ্রণ প্রযুক্তি, সংবাদপত্র প্রকাশনা, মালিকানা কাঠামো এবং গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ফলে কয়েক দশক আগের আইনের বিভিন্ন বিধান বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে কতোটা সামঞ্জস্যপূর্ণ, তা নতুন করে বিবেচনা করা জরুরি। বিশেষ করে আইনটির ৭ ধারার বিষয়ে সাংবাদিক ও প্রকাশনা সংশ্লিষ্টদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।
আমরা মনে করি, আইন সংশোধনের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, সংবাদপত্রের স্বাভাবিক প্রকাশনা কার্যক্রম, প্রকাশকদের বাস্তব সমস্যা এবং গণমাধ্যমের দায়িত্বশীলতাÑসব বিষয়কে গুরুত্ব দিতে হবে। কোনো আইন যেন গণমাধ্যমের বিকাশের অন্তরায় না হয়ে বরং একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রকাশনা পরিবেশ নিশ্চিত করে, সেটিই হওয়া উচিত সংশোধনের মূল লক্ষ্য।
তবে শুধু সংসদে আলোচনা কিংবা সংশোধনের আশ্বাসেই সাংবাদিক সমাজের প্রত্যাশা পূরণ হবে না। প্রয়োজন দ্রুত কার্যকর পদক্ষেপ, সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণ এবং একটি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে আইন সংশোধনের উদ্যোগ সম্পন্ন করা। এ ক্ষেত্রে চঁাদপুর প্রেস ক্লাবসহ দেশের সাংবাদিক সংগঠনগুলোর মতামত গ্রহণ করা হলে সংশোধন প্রক্রিয়া আরও বাস্তবভিত্তিক হবে।
আমরা বিশ্বাস করি, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উত্থাপিত বিষয়টি এবং তথ্যমন্ত্রীর ইতিবাচক বক্তব্যের ধারাবাহিকতায় দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। চঁাদপুরের সাংবাদিক সমাজের ন্যায্য দাবি জাতীয় সংসদে তুলে ধরার জন্য সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার জন্য তথ্যমন্ত্রী আন্দালিব রহমানের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দ্রুত আইন সংশোধনের মধ্য দিয়ে সাংবাদিক ও প্রকাশনা জগতের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটবে।







