প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৫:৪১
প্যাপিরাস সাহিত্য পুরস্কার পেলেন শিউলী মজুমদার

চাঁদপুরে প্যাপিরাস পাঠাগার প্রবর্তিত ‘প্যাপিরাস সাহিত্য পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক শিউলী মজুমদার। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর সাংবাদিক ক্লাব কার্যালয়ে পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
কবি শিউলী মজুমদারের জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বেলঘর গ্রামে। পেশায় তিনি একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর গল্প ও কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। কাব্য প্রকাশনী থেকে প্রকাশিত ‘আড়ালে আবৃত’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
সাহিত্যচর্চার পাশাপাশি শিউলী মজুমদার সম্পাদনা ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি শিল্প-সাহিত্যের কাগজ ‘লোরাম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং সাহিত্যপত্র ‘ভিসুভিয়াস’-এর সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি ‘দোনাগাজী পদক’ ২০২৫ ও ২০২৬-এর জুরি বোর্ডের সদস্য সচিবের ভূমিকা পালন করছেন।
উল্লেখ্য, ‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের ১০ অক্টোবর কবি রফিকুজ্জামান রণির হাত ধরে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। যুবসমাজকে বইমুখী করতে পাঠাগারটি প্রতিনিয়ত নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ, নিয়মিত সাহিত্য আড্ডা এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘লোরাম’ নামে একটি শিল্প-সাহিত্যের কাগজ নিয়মিত প্রকাশ করছে।








