প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯
লন্ডনে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক ইসলাম, গণতন্ত্র ও বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা

লন্ডনে প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী : ইটস্ হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় লন্ডনের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক খান। অনুষ্ঠানে আইনজীবী, লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক জীবন, বাংলাদেশের রাজনীতিতে তাঁর ভূমিকা এবং রাজনৈতিক ইসলাম সম্পর্কে তাঁর দীর্ঘদিনের চিন্তা-ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ইসলাম, গণতন্ত্র ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তাঁর অবদান এবং রাজনৈতিক ইসলামের ভবিষ্যৎ বিষয়ে তাঁর চিন্তার নানা দিক আলোচনায় উঠে আসে।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর অবস্থান এবং এ বিষয়ে বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলমান বিতর্ক। বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পর্যালোচনা এবং অতীতের মতপার্থক্য নিয়ে গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বইটিতে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের রাজনৈতিক বিকাশে দলটির ভূমিকা এবং সময়ের সঙ্গে এর রাজনৈতিক অবস্থানের বিবর্তন পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে ১৯৭১ সালের ঘটনাবলি ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ্য আলোচনা, কাঠামোগত সংস্কার এবং উদারপন্থী ও অন্তর্ভুক্তিমূলক মুসলিম রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তার বিষয়গুলোও এতে স্থান পেয়েছে।
অনুষ্ঠানে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁকে একজন আইনজীবী, লেখক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে স্মরণ করেন।
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর দুই ছেলে—ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক—ব্যারিস্টার রাজ্জাকের জীবন, ব্যক্তিত্ব, পারিবারিক স্মৃতি ও কর্মের নানা দিক তুলে ধরেন।
বক্তারা আশা প্রকাশ করেন, বইটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস চর্চা, ধর্ম ও রাজনৈতিক আন্দোলনের পারস্পরিক সম্পর্ক এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রশ্নেও বইটি পাঠক ও গবেষকদের চিন্তায় নতুন মাত্রা যোগ করবে।
ব্যারিস্টার সাইয়েদ আফজাল জামির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ‘সুরমা’ পত্রিকার সাবেক সম্পাদক ও লেখক ফরিদ আহমেদ রেজা, আইনজীবী তালহা জামিল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ‘দেশ’ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, আজিজুর রহমান এবং লেখক মঈনউদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. আব্দুল বারী, ড. শাহাদাত হোসাইন, ড. কামরুল হাসান, শাহ আলম, বেলাল হোসেন, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক, ব্যারিস্টার মাহাদী হাসান, ব্যারিস্টার ফারুক, মুজাহিদুল ইসলাম, সাইয়েদ বাকি, মুনসাত হাবিব, সলিসিটর ফারজানা করিম, সালাহ উদ্দিন, আব্দুল মুমিদ জুরু, সাংবাদিক আব্দুল কাইয়ুম, ফয়সাল মাহমুদ, হাসনাত চৌধুরী, বদরুজ্জামান, মাহবুব খানসুর, ফরিদ আহমেদ, রফিকুল ইসলাম এমদাদ, ব্যারিস্টার জুনেদ, ব্যারিস্টার নূরুল গাফ্ফার, ব্যারিস্টার খান আজম, এবিএম রাজিউর রহমান, আইনজীবী মাসুম, অ্যাকাউন্ট্যান্ট ইউসুফ আলী, হান্নান মিয়াজী প্রমুখ।
বইটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইসলাম এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।







