প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২
হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি
রাজনৈতিক বা ব্যক্তিগত মতাদর্শ নয়, পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতাই মুখ্য হওয়া উচিত

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
|আরো খবর
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় নবগঠিত কমিটির সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর নেতৃত্বে এমপি’র স্থানীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, অবৈধ ড্রেজার পরিচালনা, খাল ও নদী পুনঃখনন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন, হকার সমস্যা, শিক্ষা, সংস্কৃতি, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যে মো. মমিনুল হক এমপি বলেন, “হাজীগঞ্জ-শাহরাস্তির সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কারো রাজনৈতিক সমর্থন বা ব্যক্তিগত মতাদর্শ নয়, বরং পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতাই মুখ্য হওয়া উচিত। নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে।” এ সময় তিনি সংবাদকর্মীর পরিচয় ব্যবহার করে ড্রেজার ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কঠোর ভাষায় সতর্ক করে দেন।
এমপি আরও বলেন, “অপকর্ম বা অপরাধের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ইতোমধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছি এবং তা শুরু করেছি আমাদের নিজ ঘর, অর্থাৎ দলের নেতাকর্মীদের মধ্য থেকেই। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে।”
মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, প্রেস ক্লাব সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, সমন্বয় কমিটির সদস্য সচিব এস এম চিশতি, সদস্য গাজী সালাউদ্দিন, কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ এবং কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাসান মাহমুদ, এনায়েত মজুমদার প্রমুখ।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিরাজ মুন্সী, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্মবিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যনির্বাহী সদস্য কাউছার আহম্মেদ রিপন, রেজাউল করিম নয়ন এবং সম্মানিত সদস্য গাজী নাছির উদ্দিন।







