প্রকাশ : ২৮ মে ২০২৬, ০২:২৭
‘আমরা তিন ভাই এক বোন’: মিলন খানের কণ্ঠে পরিবার, মৃত্যু ও নিঃসঙ্গতার উপাখ্যান!

বাংলা গানের ইতিহাসে কিছু মানুষ আছেন, যাদের মুখ দৃশ্যমান না হলেও তাদের শব্দ আমাদের collective memory-র অংশ হয়ে যায়। তারা আলোয় দাঁড়ান না, কিন্তু তাদের লেখা আলো হয়ে ছড়িয়ে পড়ে হাজারো কণ্ঠে, লক্ষ মানুষের অনুভবে। সেই বিরল প্রজাতির একজন হলেন বরেণ্য গীতিকবি, কৃষিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলন খান—যিনি চার দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের ভুবনে নির্মাণ করেছেন প্রেম, বিরহ, শূন্যতা ও জীবনের অনন্ত আর্তির ভাষা।
|আরো খবর
‘ময়না’, ‘পাথর কালো রাত’, ‘সেই যে তুমি চলে গেলে’ কিংবা অসংখ্য কালজয়ী গানের নেপথ্যে থাকা এই শব্দকার এবার আর অন্য কাউকে দিয়ে নিজের অনুভূতি গাওয়াননি। জীবনের গভীরতম ব্যক্তিগত বেদনা, রক্তের টান, হারিয়ে যাওয়া মা-বাবার স্মৃতি এবং ভাই-বোনের নিখাদ ভালোবাসাকে তিনি নিজেই কণ্ঠে ধারণ করেছেন— ‘আমরা তিন ভাই এক বোন’ শিরোনামের এক আবেগময় আত্মজৈবনিক গানে।
এ যেন কোনো গান নয়—একজন মানুষের অন্তর্জীবনের খোলা ডায়েরি। যৌথ পরিবারের হারিয়ে যাওয়া উঠোনে ফিরে যাওয়ার আহ্বান
বর্তমান সময়ের সমাজ ক্রমশ ব্যক্তিকেন্দ্রিক। একই ছাদের নিচে থেকেও মানুষ মানসিকভাবে বিচ্ছিন্ন। ভাই-বোনের সম্পর্ক আজ অনেক ক্ষেত্রে উৎসবকেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। ঠিক এই সময়েই মিলন খানের গানটি যেন হারিয়ে যাওয়া পারিবারিক সভ্যতার বিরুদ্ধে এক নীরব সাংস্কৃতিক প্রতিবাদ।
গানের প্রতিটি পঙ্ক্তিতে উঠে এসেছে চার সহোদরের এক আত্মিক বন্ধনের গল্প। শিল্পী তাঁর ভাই-বোনদের কেবল আত্মীয় হিসেবে দেখেননি, দেখেছেন জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে। তিনি তাদের বর্ণনা করেছেন—
“একেকটা হীরার মতন, অনেক অনেক দামি…”
এই একটি লাইনেই যেন ধরা পড়ে পুরো গানের দার্শনিক ভিত্তি।
অগ্রজ স্বপন নিউইয়র্কের ব্যস্ত নগরজীবনে থেকেও শিকড় ভুলে যাননি। অনুজ কিরণ ভ্রাতৃত্বের নির্মল প্রতীক। আর একমাত্র বোন জীবন—যেন পুরো পরিবারের আবেগিক কেন্দ্রবিন্দু। আধুনিকতার চাপে ভেঙ্গে পড়া সম্পর্কের এই সময়ে তাদের গল্প শুনলে মনে হয়, এখনও কিছু পরিবার আছে যারা অর্থের নয়, মমতার সুতোয় বাঁধা।
যেখানে গান শেষ হয়, সেখানেই শুরু হয় একজন এতিম সন্তানের কান্না।
গানটির সবচেয়ে শক্তিশালী অংশ সম্ভবত এর বেদনার স্তর।
চাঁদপুর শহরের রেলওয়ের ১৪ কোয়ার্টার, তালতলা ও প্রফেসরপাড়ায় বেড়ে ওঠা মিলন খান তাঁর জীবনের সবচেয়ে ব্যক্তিগত শূন্যতাকে গানে এমনভাবে উচ্চারণ করেছেন, যা শ্রোতাকে নিছক বিনোদিত করে না—বরং ভেতর থেকে নাড়িয়ে দেয়।
তাঁর মা, যাকে গানে উচ্চারণ করা হয়েছে ‘আয়েশা বেগম’ নামে—আজ আর পৃথিবীতে নেই। বাবা মরহুম আজিজ আহমেদ খানও দু যুগের বেশি সময় ধরে অনুপস্থিত।
দীর্ঘ ২৩ বছরের মাতৃহীনতা মানুষের ভেতরে কেমন এক অদৃশ্য শূন্যতা তৈরি করে, তা মিলন খান শব্দে নয়, কণ্ঠের কম্পনে অনুভব করিয়েছেন।
এই গান শুনতে শুনতে একসময় মনে হয়—
এটি কোনো শিল্পীর গান নয়, এটি পৃথিবীর প্রতিটি মা-বাবাহারা সন্তানের মনের ভাষা।
জীবনের সাফল্য, পরিচিতি, সম্মান—সবকিছুর পরও মানুষ শেষ পর্যন্ত ফিরে যেতে চায় একটিমাত্র জায়গায় :
'মা' ডাকার নিরাপদ আশ্রয়ে।
আর যখন সেই আশ্রয় থাকে না, তখন চারপাশে শত মানুষ থাকলেও ভেতরে ভেতরে মানুষ এতিমই থেকে যায়।
পর্দার আড়ালের কিংবদন্তি : যিনি আইয়ুব বাচ্চুর তারকাখ্যাতির পেছনের কারিগর
বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাস লিখতে গেলে মিলন খানকে পাশ কাটিয়ে যাওয়া অসম্ভব।
১৯৮৭ সালে ব্র্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ক্যারিয়ারের প্রথম সুপারহিট একক গান ‘ময়না’-র গীতিকার ছিলেন মিলন খান। সেই গান শুধু একটি জনপ্রিয় গান ছিলো না, সেটিই আইয়ুব বাচ্চুকে সাধারণ শিল্পী থেকে তারকাখ্যাতির কেন্দ্রে নিয়ে গিয়েছিলো।
পরবর্তীতে তপন চৌধুরী, মিতালী মুখার্জী, এন্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদী, আসিফ আকবরসহ অসংখ্য শিল্পীর কণ্ঠে তাঁর লেখা গান মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো—এতোদিন যিনি অন্যের কণ্ঠে মানুষের কান্না লিখেছেন, তিনি নিজের কান্নাকে নিজের কণ্ঠে প্রকাশ করতে এতো সময় নিলেন।
হয়তো কিছু বেদনা বয়স না হলে শব্দ খুঁজে পায় না।
এই গান কেন শুধু গান নয়
‘আমরা তিন ভাই এক বোন’ মূলত একটি সাংস্কৃতিক দলিল।
এটি এমন এক সময়ে এসেছে, যখন পরিবার ভাঙছে, মানুষ দূরে সরে যাচ্ছে, বৃদ্ধ মা-বাবা নিঃসঙ্গ হয়ে পড়ছেন, আর সম্পর্কগুলো ধীরে ধীরে ডিজিটাল সৌজন্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে।
এই গান সেই ভাঙনের বিপরীতে দাঁড়িয়ে আমাদের মনে করিয়ে দেয়—
মানুষের জীবনের সবচেয়ে বড়ো সম্পদ বাড়ি নয়, ব্যাংক ব্যালেন্স নয়, বরং কয়েকজন আপন মানুষ; যাদের কাছে ফিরে গেলে এখনও 'তুই কেমন আছিস্?' প্রশ্নটির ভেতরে সত্যিকারের মায়া থাকে।
মিলন খানের এই সঙ্গীতকর্ম তাই কেবল শ্রুতিমধুর কোনো সৃষ্টি নয়, এটি আমাদের সময়ের সামাজিক নিঃসঙ্গতার বিরুদ্ধে এক নীরব কিন্তু গভীর মানবিক ঘোষণা।
এবং সম্ভবত এ কারণেই—
গানটি শেষ হওয়ার পরও এর রেশ অনেকক্ষণ ধরে বুকের ভেতর বাজতে থাকে।
লেখক : অধ্যাপক মো. জাকির হোসেন,
সিনিয়র সাব-এডিটর ও কলামিস্ট, দৈনিক চাঁদপুর কণ্ঠ।
ডিসিকে/ এমজেডএইচ








