প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২৩:১০
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের বাঁশি উৎসবে থাকছে প্রতিযোগিতাসহ নানা আয়োজন

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে 'তৃতীয় বাঁশি উৎসব' ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় অনুষ্ঠিত হবে। উৎসবে এ প্রজন্মের কাছে তুলে ধরতে রাখা হয়েছে বাঁশিভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। চিত্রাঙ্কনের বিষয় : বাঁশি। ক বিভাগ : শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, মাধ্যম : রং পেন্সিল, খ বিভাগ : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, মাধ্যম : রং পেন্সিল/প্যাস্টেল রং, গ বিভাগ : ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি, মাধ্যম : জল রং/ প্যাস্টেল রং। কার্টিজ পেপার বা আর্ট পেপারে অঙ্কন করতে হবে।
|আরো খবর
রচনা প্রতিযোগিতা স্ব হস্তে লিখে চাঁদপুর শহরের কালীবাড়ি মোড়ে বর্ণমালা লাইব্রেরিতে ১৩ এপ্রিল বিকেল ৬টার মধ্যে জমা দিতে হবে। রচনার বিষয়বস্তু : বাঁশি। ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের ৩০০-৫০০ শব্দের মধ্যে লিখতে হবে এবং ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদেরকে ৪০০-৬০০ শব্দের মধ্যে লিখতে হবে। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে।
এবারে বাঁশি উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার জহির উদ্দিন বাবর। উদ্বোধনী পর্বে প্রধান আলোচক হিসেবে থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। বিশেষ অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, প্রকৌশলী সামাউন কবির ও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। এ পর্বে স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক ও জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা অ্যাড. নুরুল হক কমল।
সমাপনী ও পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মোবারক হোসেন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে থাকছেন মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বিএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি সাংবাদিক ফারুক আহম্মদ এবং রাজনীতিবিদ ও সমাজসেবক ফয়সাল আহমেদ বাহার। স্বাগত বক্তব্য রাখবেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা রোটা. গোপাল সাহা। অনুষ্ঠানে সভাপ্রধান ও সঞ্চালনার ভূমিকায় থাকছেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাড.মো. মাসুদ রানা। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের উপদেষ্টা অ্যাড. নুরুল হক কমলকে ও সদস্য সচিক করা হয়েছে প্রশান্ত সরকারকে।
এবারের উৎসবে বাঁশিবাদক থাকছেন ১০ জন। বাঁশিভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় থাকছে বাঁশির উৎপত্তি, তাৎপর্য ও শিল্পগুণ। তাছাড়া রয়েছে লোকজ গান ও নৃত্য। বাঁশি উৎসবে সংস্কৃতিমনা সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. মাসুদ রানা।
ডিসিকে /এমজেডএইচ








