প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২১:৫৫
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তির বিষয়ে সাংবাদিকদের সত্যটা তুলে ধরতে হবে
---শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মরহুম সাংবাদিক ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়।
|আরো খবর
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তির বিষয়ে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সত্যটা জাতির সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, আমি ইতোমধ্যে চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছি। সেখানে মানুষের কাছে যেমন অভিযোগ পেয়েছিলাম, পরিদর্শনে গিয়ে তার পেছনেও ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। তাই সকলের কাছে আমার অনুরোধ, সরকারি সেবাপ্রাপ্তির সহজিকরণে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, চাঁদপুরের সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াসউদ্দিন মিলন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা শাখার সভাপতি মোশারেফ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, দৈনিক নয়া প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী আশরাফুজ্জামান রাসেল ও চাঁদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুব আলম।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আল-ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ টেলিভিশন সাংবাদিক ফোরামের অন্য সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে চাঁদপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আহমদ উল্লাহ।




