প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯
চাঁদপুরে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মীসহ গ্রেফতার ৩০, আটক ২১ কিশোর গ্যাং সদস্য

চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী এবং ৯ জন মাদক কারবারি ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২১ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) জেলার বিভিন্ন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টার এই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ১ জন, মতলব দক্ষিণ থানায় ১ জন, হাজীগঞ্জ থানায় ১ জন এবং শাহরাস্তি থানায় ১ জন রয়েছেন।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে মোট ২৫০ গ্রাম গাঁজা ও ১৩২ পিস ইয়াবা। থানাভিত্তিক উদ্ধার ও গ্রেফতারের তথ্যে দেখা যায়, চাঁদপুর সদর মডেল থানায় ১ জন থেকে ১৭ পিস ইয়াবা, মতলব উত্তর থানায় ২ জন থেকে ৭৬ পিস ইয়াবা, হাজীগঞ্জ থানায় ১ জন থেকে ৫ পিস ইয়াবা, শাহরাস্তি থানায় ১ জন থেকে ৪ পিস ইয়াবা এবং কচুয়া থানায় ১ জন থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর বাইরে নিয়মিত ও বিভিন্ন মামলায় আরও ১৫ জন পরোয়ানাভুক্ত বা এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে বিভিন্ন থানা পুলিশ। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১ জন, হাইমচর থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ৪ জন, মতলব উত্তর থানায় ৩ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন এবং শাহরাস্তি থানায় ১ জন গ্রেফতার হয়েছেন।
অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২১ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ৭ জন, মতলব উত্তর থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ৩ জন এবং শাহরাস্তি থানায় ৪ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। পরে আটককৃত কিশোরদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গ্রেফতারকৃত অন্য আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।







