রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২১:৫৯

মা ইলিশ রক্ষা অভিযানে ৩০ হাজার মিটার জাল জব্দ, ২ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষা অভিযানে ৩০ হাজার মিটার জাল জব্দ, ২ জেলের কারাদণ্ড
অনলাইন ডেস্ক

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে রোববার (১৮ অক্টোবর ২০২৬) জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময় মা ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা টাস্কফোর্সের মিডিয়া সেল ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম স্বাক্ষরিত দৈনিক তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

বিবরণী অনুযায়ী, রোববার জেলার চার উপজেলায় (চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর) মোট ১২টি অভিযান এবং ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে চাঁদপুর সদরে পরিচালিত মোবাইল কোর্টে আটক দুই জেলেকে ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৪০০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা করা হয়।

**জাল ধ্বংস ও মাছ বিতরণ :**

অভিযানে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। এছাড়া জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন মাছঘাট, আড়ত ও বাজারেও নিয়মিত তদারকি চালানো হয়।

মৎস্য বিভাগ জানায়, গত ৮ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত জেলাজুড়ে মোট ৮৪টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ৯২ জন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

জাতীয় সম্পদ ইলিশের প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে জেলা টাস্কফোর্সের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়