রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২১:৪৫

মামলার প্রতিবেদন দাখিল না করায় ফরিদগঞ্জের এসিল্যান্ডকে আদালতের শোকজ

আদালত প্রতিবেদক

আদালতের নির্দেশ সত্ত্বেও নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল না করা এবং কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দেওয়ায় ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তথা এসিল্যান্ডকে কারণ দর্শানোর (শো-কজ) নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলসহ বিলম্বের কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ফরিদগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন শনিবার (১৭ অক্টোবর ২০২৬) এই আদেশ জারি করেন। আদালতের আদেশ সূত্রে জানা যায়, একটি ফোজদারি মামলায় ছয়জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্তভার দিয়ে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত ১৬ জুন পুনরায় সময় বৃদ্ধি করেন। নির্ধারিত সেই সময়েও প্রতিবেদন দাখিল না করায় ৩ সেপ্টেম্বর আবারও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন জানান। আবেদনে বাদী অভিযোগ করেন, মামলার অগ্ৰগতি জানতে এসিল্যান্ড কার্যালয়ে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মামলা তদন্ত করবেন না বলে জানিয়ে দেন। এ প্রেক্ষাপটে ১২ অক্টোবর ২০২৬ তারিখে তদন্তকারী কর্মকর্তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয় এবং আদেশের অনুলিপিও তাঁর দপ্তরে পাঠানো হয়। কিন্তু নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত হননি এবং তদন্ত প্রতিবেদনও দাখিল করেননি। আদালত তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, বারবার সময় বাড়ানোর পরও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া এবং উপস্থিত হয়ে কোনো ব্যাখ্যা না দেওয়া আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন ও অবজ্ঞার শামিল। একইসঙ্গে এতে বিচারপ্রার্থীর দ্রুত বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৮৫ ধারার বিধান অনুযায়ী উক্ত কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর আদেশের নির্দেশ দেওয়া হয়। আদেশে সহকারী কমিশনার (ভূমি), ফরিদগঞ্জকে আগামী ৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি শোকজের জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়