প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২০:০৯
আড়াই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আ. রহিম আটক

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. আব্দুর রহিম (৪৪)কে আটক করেছে যৌথ বাহিনী। প্রকাশ্যে গ্যাস সিলিন্ডারের ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন ডকলাইন এলাকার লোকো কলোনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর মডেল থানা পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান চালায়।
অভিযানকালে আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আব্দুর রহিম ওই এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম বড় স্টেশন রেলওয়ে শ্রমিক কলোনি মসজিদ মার্কেটে গ্যাস সিলিন্ডারের দোকান পরিচালনা করার পাশাপাশি রেলওয়ের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। মূলত এসব ব্যবসার আড়ালেই তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে এই মাদক কারবারে ফারহান রানা ও জয় নামে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তাদের আটকে অভিযান ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে সমন্বিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার রাখা হবে।







