প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩
কচুয়ায় আসামির তাণ্ডব : ধর্ষণের খবর প্রকাশ করায় শিশুসন্তানসহ সাংবাদিককে পিটিয়ে আহত

কচুয়ায় ধর্ষণ মামলার সংবাদ প্রকাশ করায় প্রতিশোধের শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। ঘটনার তিন মাসের মাথায় সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় উপজেলার আলীয়ারা গ্রামে পাঁচ বছরের শিশুকন্যাসহ ওই সংবাদকর্মীকে নৃশংসভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মামলার পলাতক আসামি ও ছাত্রদল নেতা সুমন পাটোয়ারীর বিরুদ্ধে।
|আরো খবর
নৃশংস এই হামলায় গুরুতর আহত সাংবাদিক নাছির উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। হামলায় আঘাত পেয়েছে তার সঙ্গে থাকা পাঁচ বছরের শিশুকন্যাও।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৩ জুলাই আলীয়ারা গ্রামে নিজ ভাতিজিকে ধর্ষণের অভিযোগ ওঠে সুমন পাটোয়ারীর বিরুদ্ধে। স্বজনরা বিষয়টি ধরে ফেললে ওই সময় টয়লেটে লুকিয়ে থেকে পরবর্তীতে তিনি পালিয়ে যান। এ ঘটনায় কচুয়া থানায় মামলা হলে এতদিন আত্মগোপনে ছিলেন তিনি।
সোমবার সন্ধ্যায় সাংবাদিক নাছির উদ্দিন তার শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামে সুমন পাটোয়ারী তাদের গতিরোধ করে আচমকা অতর্কিত হামলা চালায়।
এলাকাবাসীর ধারণা, ধর্ষণের সংবাদ প্রচার করার ক্ষোভ থেকেই এই পূর্বপরিকল্পিত হামলাটি চালানো হয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে মূল কারণ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।








