প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৩:৫৮
মহামায়া বাজারে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দু পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে প্রশাসন। পর্যায়ক্রমে চাঁদপুর জেলা সদর থেকে শাহরাস্তির খাজুরিয়া পর্যন্ত প্রায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার (৪ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার মহামায়া পশ্চিম বাজার থেকে এ অভিযান শুরু করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সড়ক বিভাগ থেকে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে রোববার (৩ মে) সকাল থেকে রাত পর্যন্ত মহামায়া পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার পর্যন্ত সড়ক বিভাগের একোয়ারকৃত সম্পত্তিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনাগুলো ব্যবসায়ীরা নিজ দায়িত্বে সরিয়ে নেন। এসব দোকানের সামনে ও পেছনে পাকা করে নেয়া জায়গা সহ দোকানের পিলারগুলো দুটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। তবে এখানকার হকাররা (ক্ষুদ্র ব্যবসায়ীরা) হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে বড়ো ধরনের দুঃচিন্তায় পড়ে যান। তারা কীভাবে জীবিকা নির্বাহ করবেন, এই ভেবে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সরকারের কাছে কান্না করে বলেন, সরকারের কাছে দাবি পরে, আগে আমাদের একটি রুটি রুজির ব্যবস্থা করে দিন।
|আরো খবর
উচ্ছেদ অভিযানের প্রথমদিন গত রোববার (৩ মে) চাঁদপুর পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশ, ওয়্যারলেস, বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা, ওয়্যারলেস সবজি বাজার, গোশতের বাজার এবং ওয়্যারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও এদিন বাবুরহাট বাজারের দু পাশেও উক্ত অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানান, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ এবং সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে। জেলা সদর থেকে খাজুরিয়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দু পাশের ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে। তিনি আরো জানান, উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের আফরোজ, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সড়ক বিভাগের অন্য কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মহামায়া বাজারের এই উচ্ছেদ অভিযানকালে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। পরে এদিন বিকেলে বাকিলা বাজারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।







