প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২১:৪৯
অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান
মতলব উত্তরে ৫৩ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনাসহ আটক ৩।। জরিমানা আদায়

মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ৫৩ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে আটক করা হয়। মোবাইল কোর্টে আটক ৩জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
|আরো খবর
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টা হতে ২টা পর্যন্ত মতলব উত্তরের আমিরাবাদ আড়তে অভিযান পরিচালনা করে ৫৩ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয় এবং ৩ জনকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
আটক কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বিজয়নগর গ্রামের মকবুল হোসেনের ছেলে রূপ মিয়াকে (৩৮) ৫ হাজার টাকা, নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার লিয়াকত আলীর ছেলে মো. আরমান (২৭)কে ৮ হাজার টাকা ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বলাখী গ্রামের মেশাক আলীর ছেলে আব্দুর রব (৫৫)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও মতলব উত্তর থানার সহকারী উপ-পরিদর্শক মো. মাহবুবুল ইসলাম।
বিজয় কুমার দাস জানান, অভিযানে ৫৩ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, অভয়াশ্রম ও জাটকা রক্ষায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম করার সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযান চলমান থাকবে।








