প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২০:০১
কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ 'কুতুবদিয়া' দর্শনার্থীদের জন্যে প্রদর্শন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের 'কুতুবদিয়া' নামক যুদ্ধজাহাজটি দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
|আরো খবর
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্যে খোলা রাখা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ জাহাজটি পরিদর্শনে ভিড় করেন।
দর্শনার্থীরা জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
উপস্থিত কোস্ট গার্ড সদস্যরা তাদের জাহাজের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন, যা দর্শনার্থীদের মাঝে আগ্রহ সৃষ্টি করে।
জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ জানান, ‘বিসিজিএস কুতুবদিয়া’ নিয়মিত টহল কার্যক্রম, উদ্ধার অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি আরও জানান, স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ কোস্টগার্ডের অন্য কর্মকর্তারা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ বিআইডাব্লিউ হতে তৈরি হওয়া জাহাজটি ২০২০ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ কোস্টগার্ডে কমিশন লাভ করে।








