প্রকাশ : ১১ মে ২০২৬, ২১:৪৮
পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে চাঁদপুরে ফারিয়ার মানববন্ধন

পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে চাঁদপুরে মানববন্ধন করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার (১১ মে ২০২৬) সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
'দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী’ এই শ্লোগানে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চাঁদপুর সদর উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে চাঁদপুরে কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির ২ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে 'দালাল' তকমা দিয়ে ঢাকা মেডিকেল থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আটকের তীব্র নিন্দা জানানো হয়।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং উপদেষ্টা পাভেল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ফারিয়ার ম্যানেজার ফোরামের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক, সদস্য মাকসুদ জামান, মোস্তাফিজুর রহমান, ফারিয়া চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, অর্থ সম্পাদক হুমায়ূন কবির, সদস্য তানজিম, ওয়াফি, খোরশেদ, আজিম রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দালাল নন, তারা দেশের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনগোষ্ঠী। সারাদেশে ৩ লক্ষাধিক উচ্চশিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে মানুষের সেবা করছেন এবং রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে ভূমিকা রাখছেন। করোনার ক্রান্তিকালে সবাই যখন হাত-পা গুটিয়ে ঘরে ছিলো, তখনও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছে। অথচ বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে অপমান ও হেনস্তা করা হচ্ছে। 'দালাল’ আখ্যা দিয়ে সম্মানহানি করছে। যা একই সাথে চরম নিন্দনীয় এবং দুঃখজনক।
বক্তারা আরো বলেন, গত ৪ মে ২০২৬ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
দালালবিরোধী অভিযানে ১২ জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে আটক করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এই ঘটনার যেনো আর পুনরাবৃত্তি না ঘটে এজন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যতে ওষুধ প্রতিনিধিদের ওপর এমন হয়রানি বন্ধ না হলে সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চাঁদপুর সদর উপজেলা শাখার সদস্য আহসান হাবীব, ইব্রাহিম খান, জুবায়ের হোসেন, রনি কর্মকারসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।








