প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:২৫
বাজারে লোকমুখে ব্রাজিলের জয়ের খবর শুনেই আনন্দ পান কৃষক মোহাম্মদ আলী গাজী

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়লে শহর থেকে গ্রাম—সবখানেই খেলার আলোচনা জমে ওঠে। তবে ব্যস্ত কৃষিজীবনের কারণে অনেক কৃষকই সরাসরি খেলা দেখার সুযোগ পান না। তবুও প্রিয় দলের খবর শুনে আনন্দ খুঁজে নেন তারা। তেমনই একজন কৃষক মোহাম্মদ আলী গাজী।
তিনি জানান, এখন বিশ্বকাপ খেলা চলে। আমি কখনোই খেলা দেখি না। বাজারে যাই, লোকমুখে শুনি ব্রাজিল জিতেছে—এতেই আনন্দ পাই। আমি একজন কৃষক। দিনের বেশিরভাগ সময় মাঠে কাজ করি, আর রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ি। খেলা দেখার সুযোগ কোথায়?
মোহাম্মদ আলী গাজী বলেন, ছোটবেলায় সন্ধ্যার সময় অনুষ্ঠিত ফুটবল ম্যাচগুলো তিনি নিয়মিত দেখতেন। সেই সময় ব্রাজিলের নান্দনিক খেলা ও সাফল্য তাকে মুগ্ধ করেছিলো। তখন থেকেই ব্রাজিল তার প্রিয় দল হয়ে ওঠে। তিনি আরও বলেন, “অন্যান্য দলও ভালো খেলে। তবে ব্রাজিলের খেলার ধরণ আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তাই আজও ব্রাজিল জিতলে ভালো লাগে, যদিও খেলা দেখা হয় না।”
কৃষকের এই সরল অনুভূতি প্রমাণ করে, ফুটবল শুধু মাঠের খেলা নয়, এটি মানুষের আবেগ, ভালোবাসা ও আনন্দেরও একটি অংশ। কৃষিকাজের ব্যস্ততার মাঝেও প্রিয় দলের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন মোহাম্মদ আলী গাজীর মতো অসংখ্য গ্রামীণ মানুষ।







