প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২১:২১
জেলা শিল্পকলায় থিয়েটার ফোরামের ১০ দিনব্যাপী নাট্যোৎসব
প্রতিটি মুহূর্তে সুন্দর, নিরাপদ ও আধুনিক চাঁদপুরের স্বপ্ন দেখি
— আলহাজ্ব মোশারফ হোসাইন

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে ১০ দিনব্যাপী নাট্যোৎসবের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) উৎসবের তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও নাট্ক প্রদর্শনী। বিকেল সাড়ে ৫টায় আয়োজিত শুভেচ্ছা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন।
|আরো খবর
বক্তব্যে তিনি বলেন, "চাঁদপুরকে নিয়ে পরিবেশিত দলীয় নৃত্যের গানটির গীতিকার ও সুরকারকে আমার ব্যক্তিগত এবং চাঁদপুরবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আমার মূল পরিচয়—আমি একজন মানুষ এবং এই মাটির সন্তান। এর বাইরে আমার কোনো বড় পরিচয় নেই। যতদিন বেঁচে থাকবো, এই চাঁদপুর ও এখানকার মানুষের কল্যাণে কাজ করে যাবো। আমি মনে করি, এ মাটির প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য এবং আমিও তাদেরই একজন। আমি প্রতিটি মুহূর্তে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক চাঁদপুর গড়ার স্বপ্ন দেখি।
তিনি আরও বলেন, "চাঁদপুর শিল্প ও সংস্কৃতির এক অনন্য উর্বর ভূমি। চাঁদপুর নামটি আমাদের হৃদয়ের গভীরে গাঁথা। একটি সুন্দর ও নান্দনিক শহর গড়ে তুলতে হলে চাঁদপুরকে মাদকমুক্ত করতে হবে। আর সেই লক্ষ্যেই চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক এমপি নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি এই অডিটোরিয়ামকে আধুনিক রূপ দিতে সংস্কৃতিমন্ত্রীকেও এখানে নিয়ে এসেছিলেন। আশা করছি, খুব দ্রুতই জেলা শিল্পকলা একাডেমি একটি চমৎকার ও আধুনিক অডিটোরিয়ামে রূপান্তরিত হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ। নটমঞ্চের সভাপতি উজ্জ্বল হোসাইনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন থিয়েটার ফোরামের সাবেক সভাপতি শুকদেব রায়। অনুষ্ঠান পরিচালনা করেন থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগমসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বিকেল সাড়ে ৪টায় রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের শিল্পীরা মঞ্চে নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। রাশেদুল রাব্বির পরিচালনায় এতে অংশ নেন মিম, মিথিলা, জাহিদ, লিমা, আনিকা, ইতি, সাহারাসহ আরও অনেকে।
আয়োজনের শেষ পর্বে মঞ্চস্থ হয় অরূপ নাট্য গোষ্ঠীর চতুর্থ প্রযোজনা 'প্রেমের আলো'। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—সাধন চন্দ্র দত্ত, হাবিব উল্লাহ পাটোয়ারী, জয়নাল আবেদীন শেখ, লোকমান হোসেন, কানাই চন্দ্র শীল, স্বাধীন চন্দ্র দত্ত, রতন চন্দ্র সূত্রধর, স্বপন মোল্লা, জ্যোৎস্না রানী দাস, সপ্তমী রানী দত্ত ও স্নিগ্ধা সাহা।







