মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:১৫

লাউতলী শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসংকট, মাধ্যমিকে উন্নীত করার দাবি এলাকাবাসীর

লাউতলী শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসংকট, মাধ্যমিকে উন্নীত করার দাবি এলাকাবাসীর
ফরিদগঞ্জ প্রতিনিধি

একসময় যে বিদ্যালয়ের আঙিনায় প্রায় ৩৬০ জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত থাকত, সেখানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে মাত্র ৭০ থেকে ৮০ জনে। তিন দশকেরও বেশি সময় আগে নারী শিক্ষার প্রসারে যে স্বপ্ন নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতলী শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, সময়ের ব্যবধানে সেই প্রতিষ্ঠানটি এখন নানা সংকটে পড়েছে। চারতলা ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও কমছে শিক্ষার্থী। দীর্ঘদিনেও বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত না হওয়ায় হতাশ স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হলে শিক্ষার্থীসংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

১৯৯৩ সালে লাউতলী, আদশা ও মান্দারতলী গ্রামের কয়েকজন জনহিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তির সম্মিলিত উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। লাউতলী, আদশা, মান্দারতলী, ঘোড়াশালাসহ আশপাশের গ্রামের মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ জনপদে নারী শিক্ষার প্রসার ঘটানোই ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। সে সময় এলাকায় মেয়েদের শিক্ষার সুযোগ ছিল সীমিত। দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে নিজ এলাকায় পড়াশোনার সুযোগ করে দেওয়ার চিন্তা থেকেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী, প্রয়াত মমতাজ উদ্দিন পাটোয়ারী, প্রয়াত মজিবুল হক ইন্সপেক্টর, প্রয়াত অবসরপ্রাপ্ত সুবেদার আমিন, লতিফগঞ্জ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম এবং প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক প্রয়াত মিজানুর রহমান পাটোয়ারী। এ ছাড়া আবুল হাশেম ভূঁইয়া, নান্নু পাটোয়ারী, লোকমান জমাদার, আলী আহম্মদ কন্ট্রাক্টর, প্রয়াত আজিজুর রহমান পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারীসহ স্থানীয় অনেকেই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে অবদান রাখেন। এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন প্রয়াত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, নুহ চৌধুরী, রাজু পাটোয়ারী ও শিক্ষক শাহজাহান পাটোয়ারীসহ আরও অনেকে।

প্রতিষ্ঠার প্রথম দিকে বিদ্যালয়টির নাম ছিল ‘লাউতলী মডেল বালিকা বিদ্যালয়’। পরবর্তী সময়ে শিক্ষা বোর্ডের নিয়মনীতি ও নামকরণসংক্রান্ত প্রক্রিয়া অনুসরণ করে এলাকার বিশিষ্ট শিল্পপতি এ.বি.এম শাহ আলমের নামে প্রতিষ্ঠানটির নামকরণের প্রস্তাব গৃহীত হয়। এরপর বিদ্যালয়ের নাম হয় ‘লাউতলী শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’। প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির ক্ষেত্রেও রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য গোফরান এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।

বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুর দিকে প্রায় ৩৬০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে ৭০ থেকে ৮০ জনে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হতে পারেনি। অথচ বর্তমানে বিদ্যালয়ে রয়েছে চারতলা ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো। স্থানীয়দের মতে, শিক্ষার্থীসংকটের অন্যতম কারণ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা চালু না থাকা। অষ্টম শ্রেণি শেষ করার পর শিক্ষার্থীদের এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়। ফলে অভিভাবকদের অনেকেই শুরু থেকেই এমন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করতে আগ্রহী হচ্ছেন , যেখানে মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। তাঁদের ধারণা, বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণি চালু হলে শিক্ষার্থীদের ধারাবাহিক পড়াশোনার সুযোগ তৈরি হবে এবং অভিভাবকদের আস্থাও ফিরে আসবে।

বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আব্দুর রহিম জমাদার ও স্থানীয় ইউপি সদস্য জানান, এলাকার বিশিষ্ট শিল্পপতি এ.বি.এম শাহ আলমের নামে বিদ্যালয়টির নামকরণ করা হলেও প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও উন্নয়নে তাঁর প্রত্যাশিত ভূমিকা দেখা যাচ্ছে না। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের দেখভাল ও অগ্রগতির বিষয়ে তিনি উদাসীন মনোভাব পোষণ করছেন। এমনকি দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কার্যকর যোগাযোগ ও সম্পৃক্ততাও নেই। তাঁদের মতে, একজন ব্যক্তির নামে প্রতিষ্ঠানের নামকরণ হলে সেই প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় তাঁর দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশিত। তবে বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে এখন প্রয়োজন সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও কার্যকর ভূমিকা।

এলাকাবাসীর দাবি, বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে নামকরণ ও শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাঁদের প্রস্তাব, ব্যক্তির নাম বাদ দিয়ে এলাকার ভৌগোলিক ও ঐতিহাসিক পরিচয়কে গুরুত্ব দিয়ে ‘লাউতলী মডেল বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ নামকরণ করা হলে বোর্ডের নির্ধারিত ফি তুলনামূলক কম হতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ফি এলাকাবাসী সম্মিলিতভাবে বহন করতেও প্রস্তুত বলে তাঁরা জানিয়েছেন। অন্যদিকে, বর্তমান ‘লাউতলী শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ নাম বহাল রেখে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে গেলে শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনেক বেশি হবে বলে স্থানীয়দের দাবি। তাঁদের ভাষ্য, এ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের দায়ভার বহনে এ.বি.এম শাহ আলম লিখিতভাবে অপারগতা প্রকাশ করেছেন। ফলে বিদ্যালয়ের বর্তমান নাম ও পরিচয় অক্ষুণ্ন রাখা, নাকি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের সুযোগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে—এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এলাকাবাসীর বক্তব্য, বিদ্যালয়টি কোনো একক ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়নি; বরং বহু মানুষের শ্রম, অর্থ, ত্যাগ ও স্বপ্নের সম্মিলিত ফসল। তাই প্রতিষ্ঠানটির নামকরণ ও ভবিষ্যৎ নির্ধারণে বৃহত্তর জনস্বার্থকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।

এ পরিস্থিতিতে গত ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টায় বিদ্যালয় প

মিলনায়তনে এলাকাবাসী, শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রুহুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানের সভাপতিত্বে সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন ফারুক হোসেন আমিন ও মোঃ মফিজুল ইসলাম সোহাগ। সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ.বি.এম শাহ আলম, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস গাজী, বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নেতা মো. আসাদুজ্জামান খাঁন কালু, মোস্তফা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, টিপু সুলতান পাটোয়ারী, ফারুক আমিন পাটোয়ারী, আব্দুর রহিম জমাদার এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো. মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, উদ্যোক্তাদের অবদান এবং বর্তমান সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীসংকট, মাধ্যমিক পর্যায়ে উন্নীত হতে না পারা এবং নামকরণ ও আর্থিক জটিলতা আলোচনায় গুরুত্ব পায়। কয়েকজন বক্তা উপস্থিত প্রতিষ্ঠাতা এ.বি.এম শাহ আলমের সামনেই বিদ্যালয়ের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তাঁরা প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সবার ইতিবাচক ভূমিকা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ রুহুল্লাহ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষকদের জাতি গঠনের মূল কারিগর উল্লেখ করে আন্তরিকতা ও যত্নের সঙ্গে পাঠদানের পরামর্শ দেন। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়নে অভিভাবক, এলাকাবাসী ও সুধীজনকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক হতে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার জন্য তাঁর সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করে যাবেন।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্থকতা শুধু তার নাম কিংবা অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই তার প্রকৃত পরিচয় প্রতিষ্ঠিত হয়। লাউতলী শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে রয়েছে বহু মানুষের শ্রম, ত্যাগ ও স্বপ্ন। সেই ইতিহাসকে সম্মান জানিয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর প্রত্যাশা, নামকরণ ও বোর্ড ফি নিয়ে সৃষ্ট জটিলতার দ্রুত সমাধান করে বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধি এবং অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবেন। তিন দশক আগে নারী শিক্ষার যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল, তা যেন শিক্ষার্থীসংকট ও প্রশাসনিক জটিলতায় থেমে না যায়—এটাই এখন লাউতলীসহ আশপাশের জনপদের মানুষের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়