বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২২:৪০

অ্যালামনাই অফিস উদ্বোধন ও মিলনমেলায় মুখর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর

আব্দুল্লাহ আল মামুন।।
অ্যালামনাই অফিস উদ্বোধন ও মিলনমেলায় মুখর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর

উচ্ছ্বাস, স্মৃতিচারণ, সম্মাননা এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার প্রত্যয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (ডিআইসি) চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যালামনাই মিট-আপ ও অ্যালামনাই অফিস উদ্বোধন-২০২৬’। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) কলেজ প্রাঙ্গণে ডিআইসি চাঁদপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী এ মিলনমেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

'Celebrating Connections & Inspiring the Future' (বন্ধন উদযাপন ও ভবিষ্যৎকে অনুপ্রাণিত করা)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে কলেজের নবনির্মিত অ্যালামনাই অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের অধ্যক্ষ নূর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মো. মাহবুবুল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট অফিসার মো. ইকবাল হোসাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট শাখার উপাধ্যক্ষ ফয়সাল আহমেদ ফরাজী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ডিআইসি চাঁদপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, অ্যালামনাই অফিস প্রতিষ্ঠার মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পেশাগত, সামাজিক এবং আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের উদ্যোগ অনুজদের উৎসাহিত করবে এবং কলেজের শিক্ষা ও সুনাম বৃদ্ধিতে প্রাক্তন শিক্ষার্থীরা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মুক্ত আড্ডা, সৌহার্দ্য বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

আরো খবর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়