প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:২২
চাঁবিপ্রবি'র উপ-উপাচার্য হলেন ড. লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (২২ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ২১ (১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া—যেটি আগে ঘটবে—সেই পর্যন্ত কার্যকর থাকবে। নিয়োগের শর্তাবলিতে উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী উপ-উপাচার্যের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে নবগঠিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।








