মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১:১৭

ঐতিহ্যের পুনর্জাগরণে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের নবযাত্রা

অনলাইন ডেস্ক
ঐতিহ্যের পুনর্জাগরণে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের নবযাত্রা

ফরিদগঞ্জের স্কাউটিং ঐতিহ্যের ধারাকে নতুন প্রেরণায় এগিয়ে নিতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচিত হলো এক আশাব্যঞ্জক অধ্যায়।

মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল স্মৃতি, স্বপ্ন ও প্রত্যয়ের এক মিলনমেলা।

সাংবাদিক নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিমের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক হিতেশ চন্দ্র শর্মা, চাঁদপুর জেলা স্কাউটের সাবেক কমিশনার সামসুল আমিন এবং উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান। তাঁদের বক্তব্যে উঠে আসে অতীতের গৌরবগাথা, বর্তমানের দায়বদ্ধতা এবং ভবিষ্যতের স্বপ্নরেখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শামীম হাসান, রেদওয়ান খাঁনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, একসময় ফরিদগঞ্জের স্কাউটিং শুধু চাঁদপুরেই নয়, বরং জাতীয় পরিসরেও ছিলো সম্মান ও সুনামের প্রতীক। সেই ঐতিহ্যকে অটুট রাখতে প্রয়োজন আন্তরিকতা, অধ্যবসায় এবং শেখার অদম্য আগ্রহ। স্কাউটিং কেবল একটি কার্যক্রম নয়, এটি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের এক অনন্য শিক্ষালয়—যেখানে গড়ে ওঠে সৎ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক।

তাঁরা আরো উল্লেখ করেন, মহৎ উদ্দেশ্য ও দৃঢ় মনোবল থাকলে সাফল্য অবশ্যম্ভাবী। ভালো কাজ কখনো থেমে থাকে না, প্রয়োজন কেবল সদিচ্ছা ও নিরলস পরিশ্রম।

নবগঠিত এই কমিটির হাত ধরে ফরিদগঞ্জে স্কাউটিং আন্দোলন নতুন উদ্যমে বিকশিত হবে—এমন প্রত্যাশাই প্রতিফলিত হয়েছে পুরো আয়োজন জুড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়