প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮:১৩
পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
ক্যাশলেস বাংলাদেশ গড়তে পারলে অর্থনৈতিক সাশ্রয় হবে
...... ডিজিএম মো. মাইনুল ইসলাম

ক্যাশলেস বাংলাদেশ গড়ার অংশ হিসেবে পূবালী ব্যাংক ফরিদগঞ্জ উপ-শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ‘ক্যাশলেস ফরিদগঞ্জ’ ক্যাম্পেইন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে উপজেলা সদর বাজারে গ্রাহক, সুধীমহল ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রফেসর মজিবুর রহমান মার্কেটের সামনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের ডিজিএম মো. মাইনুল ইসলাম।
পূবালী ব্যাংক গৃদকালিন্দিয়া শাখার ব্যবস্থাপক মো. নাঈমুল হাসানের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপ-শাখার ব্যবস্থাপক মোরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে পূবালী ব্যাংকের কর্মকর্তা আল আমিন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আলী হায়দার টিপু পাঠান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী আমানত হোসেন গাজী, ইয়াছিন বেপারী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়তে পারলে আমাদের বড়ো ধরনের অর্থনৈতিক সাশ্রয় হবে। ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ ব্যাংককে শুধু কাগজের নোট ছাপাতে ২০ হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। ক্যাশলেস অর্থনীতি নিশ্চিত করতে পারলে এই টাকা আমাদের উন্নয়নে ব্যয় করা সম্ভব হবে। এজন্যে বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করেছেন। অর্থাৎ ঝুঁকিমুক্ত নিরাপদ ব্যাংকিংয়ে ক্যাশলেসের বিকল্প নেই। আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে ছুটির দিনসহ যে কোনো সময় টাকা লেনদেন করতে পারবেন। আমরা প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে চাই। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে পূবালী ব্যাংক প্রথম ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। সেই অনুযায়ী ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ‘ক্যাশলেস ফরিদগঞ্জ’ ক্যাম্পেইন শুরু হলো। আলোচনা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।








