মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৮:৫০

মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

কামরুল হাসান রাব্বি
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

মতলব উত্তর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর শিশুটির সুচিকিৎসা এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার) সকাল ১০টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে রোববার (১ নভেম্বর) রাতে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্তকে হেফাজতে নেওয়ার সময় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়।

শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার দিন সকালে তার বাবা আলমাছ শিশুটিকে নিয়ে অভিযুক্ত দেলু শিকদারের বাড়িতে যান। সেখানে অভিযুক্তের মোবাইল ফোনে কার্টুন দেখছিল শিশুটি। একপর্যায়ে আলমাছ শিশুটিকে সেখানে রেখে চলে গেলে অভিযুক্ত ব্যক্তি তার ওপর পাশবিক নির্যাতন চালান। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে তিনি দেলু শিকদারের বাড়িতে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে শিশুটি তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। মেয়ের শারীরিক অবস্থার অবনতি ও কান্না দেখে চিকিৎসার জন্য অভিযুক্তের পরিবারের কাছে গেলে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো হুমকি দেন। পরে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দেওয়া হলেও তা শিশুটির সুচিকিৎসার জন্য পর্যাপ্ত ছিল না বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, "এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

বর্তমানে এলাকাটি ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসা, নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ছবি : ধর্ষক দেলোয়ার শিকদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়