শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৮:১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) কুমিল্লার তিতাস থানা এলাকায় এক সফল অভিযান চালিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ আসামি মো. মোয়াজ্জেম হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টায় কুমিল্লার তিতাস থানাধীন বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট কাজরা গ্রামের মো. তারা মিয়ার ছেলে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে সরকার পতনের পরবর্তী উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ শুরু হয় । বন্দিরা কারারক্ষীদের জিম্মি করে এবং লোহার অ্যাঙ্গেল ব্যবহার করে সেল ভেঙে বের হয়ে আসে । ওই দিন দুপুরে প্রায় ২০৩ জন বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই মোয়াজ্জেম হোসেন অন্যতম ছিলেন। এ ঘটনায় জিএমপি-র কোনাবাড়ী থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোয়াজ্জেম হোসেন ডিএমপি ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলার (মামলা নং-৯১(১০)০৬) সাজাপ্রাপ্ত আসামি । বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন । কারাগার থেকে পালিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

র‍্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সালমান ইবনে আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করা হয় । গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়