বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস নিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মিজান মালিক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস নিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মিজান মালিক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সাথে ক্লাস শেষে জ্যেষ্ঠ সাংবাদিক মিজান মালিক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ একাডেমিক সেশনে যুক্ত হলেন দৈনিক যুগান্তরের নগর সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মিজান মালিক। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) মাস্টার্স শেষ বর্ষের 'এডভান্সড রিপোর্টিং' কোর্সের আওতায় 'ক্রাইম রিপোর্টিং' বিষয়ে দুই ঘণ্টার এক বিশেষ সেশন পরিচালনা করেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এ সেশনটি নেন।

সেশনশেষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানান, মিজান মালিকের মতো মাঠপর্যায়ের অভিজ্ঞ ও প্রথিতযশা সাংবাদিকের কাছ থেকে সরাসরি পেশাগত দিকনির্দেশনা পাওয়া শিক্ষার্থীদের জন্যে এক দারুণ অভিজ্ঞতা।

সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখির পাশাপাশি শিক্ষাঙ্গনেও মিজান মালিকের বিশেষ অবদান রয়েছে। তিনি বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'বিজনেস রিপোর্টিং' কোর্স পরিচালনা করছেন। এছাড়া প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-সহ গণমাধ্যমভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে বেসিক ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর নিয়মিত ক্লাস নেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগে 'আইসিটি আইন ও সাইবার বুলিং' বিষয়ক সেশন পরিচালনা করেছেন। এছাড়া সম্প্রতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ (ওরিয়েন্টেশন) সেশনেও তিনি বক্তা হিসেবে মনোনীত হয়েছেন।

চাঁদপুরের কৃতী সন্তান মিজান মালিক অনুসন্ধানী সাংবাদিকতায় দেশের এক পরিচিত মুখ। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় রাষ্ট্রীয় পুরস্কার, শিক্ষা গবেষণায় টিআইবি পুরস্কার, এমএলএম কোম্পানির প্রতারণা উন্মোচনে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড, নারী ও শিশু বিষয়ক প্রতিবেদনের জন্য ডিআরইউ পুরস্কার এবং অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্য ক্র্যাব অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া গীতিকার ও লেখক হিসেবে তিনি মর্যাদাপূর্ণ 'বাচসাস পুরস্কার' অর্জন করেছেন।

সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সমান পারদর্শী। তিনি দুদক বিট সাংবাদিকদের সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আইন বিট সাংবাদিকদের সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউ-এর স্থায়ী সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সাংস্কৃতিক উপকমিটির দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়