প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২০:১১
জুমার নামাজে যাওয়া হলো না প্রবাসীর ছেলের, সড়ক দুর্ঘটনায় নিহত ইমরান

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুমার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসাইন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার সাঁতারপাড়া সড়কের মালের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত ইমরান হোসাইন রামগঞ্জ পৌরসভার টামটা এলাকার বাগাড়ী বাড়ির সৌদি প্রবাসী হাফেজ শামসুল ইসলামের বড় ছেলে।
নিহতের ছোট বোন বুসরা আক্তার জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাপুর বড় মসজিদের দিকে যাচ্ছিলেন ইমরান। পথে সাঁতারপাড়া সড়কের মালের বাড়ি এলাকায় একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে সিএনজিটি দুর্ঘটনাকবলিত হয়। এতে ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







