প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২:৫৯
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি ধানক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার শহাইল হাওরে ধানক্ষেত পরিষ্কার করার সময় কৃষকদের চোখে পড়ে অজগরটি। বিশাল আকৃতির সাপটি দেখে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েন। সাপটি উদ্ধারের জন্যে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে ফাউন্ডেশনের ফোন নম্বর না পেয়ে সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেন। এ সময় মুহিবুর রহমান নামে এক ব্যক্তি সবাইকে সাপটি না মারার অনুরোধ জানান। পরে তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের ফোন নম্বর সংগ্রহ করে ঘটনাটি জানান।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। অজগরটিকে নিরাপদে উদ্ধার করতে সহযোগিতা করায় মুহিবুর রহমানকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে তা হত্যা না করে দ্রুত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ার জন্যে সবার প্রতি আহ্বান জানানো হয়।
উদ্ধার করা অজগর সাপটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।







