প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৬:২০
মতলব উত্তরে এনসিপির পথসভায় হাসনাত আবদুল্লাহ এমপি
সরকার গণভোটের প্রতিশ্রুতি থেকে সরে এসে জনগণের প্রত্যাশা ভঙ্গ করেছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের সরকার ভোট চুরি করতো, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করে। সরকার গণভোটের প্রতিশ্রুতি থেকে সরে এসে জনগণের প্রত্যাশা ভঙ্গ করেছে।
|আরো খবর
শনিবার (১১ জুলাই ২০২৬) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাস্তা বানাবো, ব্রিজ করবো, কালভার্ট করবো, চাকরি দেবো--এসব কথা সব রাজনৈতিক দলই বলে। প্রায় ৪০টি রাজনৈতিক দলই মানুষের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু দেশের মূল সমস্যাগুলোর স্থায়ী সমাধান নিয়ে কেউ কথা বলে না।
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বাংলাদেশ নামের ঘরের উপমা ব্যবহার করেন। তিনি বলেন, বাংলাদেশ নামের বাড়িটির দরজা-জানালা, দেয়াল সব ভেঙ্গে নেওয়া হয়েছিলো। আমরা চেয়েছিলাম পুরো ঘরটি সংস্কার করা হোক। কিন্তু নতুন দারোয়ান এসে বললো, শুধু দারোয়ান বদলালেই হবে, সংস্কার লাগবে না। আমরা সেই ধারণার সঙ্গে একমত নই।
তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তাঁর ভাষায়, আমরা স্বাধীন পুলিশ কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন ও মানবাধিকার কমিশনের দাবি জানিয়েছিলাম। কিন্তু এগুলোর কোনোটিই বাস্তবায়ন হয়নি। সরকার তরুণদের সঙ্গে প্রতারণা করেছে।
পুলিশ প্রশাসনের রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে হাসনাত বলেন, একজন পুলিশ সদস্য সীমিত বেতনে চাকরি করেন। রাজনৈতিক নির্দেশ অমান্য করলে তার চাকরি ঝুঁকিতে পড়ে। তাই এমন একটি স্বাধীন পুলিশ কমিশন প্রয়োজন, যেখানে অন্যায় নির্দেশ এলে পুলিশ সেটি জানাতে পারবে। পুলিশ কোনো দলের নয়, পুলিশ বাংলাদেশের জনগণের।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, যখন গুলি চালানোর হুমকি দেওয়া হয়েছিলো, তখনও তরুণরা পিছিয়ে যায়নি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তিত হয়েছে। সেই আত্মত্যাগকে অর্থবহ করতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা মনে করেছিলাম বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে চায়। কিন্তু এখন মনে হচ্ছে তারা চাঁদাবাজি বন্ধ নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। আগে যারা করতো, এখন তারা নিজেরা করতে চায়। আমরা এই রাজনীতি চাই না।
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী ও ইদ্রিস আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আহমেদ, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম এবং মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলাম।
ছবি:মতলব উত্তরে এনসিপি'র পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এমপি।








