প্রকাশ : ১২ মে ২০২৬, ১৩:২০
মানবসেবায় রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাবের এক যুগে পদার্পণ

মানবসেবায় মঙ্গলবার (১২ মে ২০২৬) লক্ষ্মীপুরের রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাব এক যুগে পদার্পণ করেছে।
'মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থেলাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন' এ শ্লোগানকে সামনে রেখে সেবার ব্রত নিয়ে আজ হতে ১২ বছর আগে ২০১৫ সালের ১২মে প্রতিষ্ঠা লাভ করে রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাব। মূলত রক্তদান নিয়ে সংগঠনটির সদস্যরা তাদের যাত্রা শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন মানবিক কাজে তাদের অগ্রযাত্রা সফলতার সাথে অব্যাহত রেখে চলছে।
১১ বছর পেরিয়ে ১২ মে ২০২৬ তারিখে রামগঞ্জ উপজেলার মানবিক এ সংগঠন ১২ বছরে পদার্পণ করেছে।
রক্তদান, হুইল চেয়ার বিতরণ, করোনাকালীন সময়ে লাশ দাফন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, সেলাই মেশিন বিতরণ, রমজানে নিত্যপণ্যসহ ঈদ উপহার, কোরবানির গোস্ত বিতরণ,
খাল-ডোবা-নালা পরিষ্কার, অসহায় দুঃস্থদের মাঝে উপহার ও খাবার সামগ্রী বিতরণ, বৃষ্টিতে ও রোদে ছাতা বিতরণ, দেশীয় ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ ও বিতরণ, ঘর নির্মাণ, রিক্সা উপহারসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সংগঠনটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া অসুস্থ রোগীদের পথ্যসেবা, বিয়ের খরচসহ ওষুধ কিনে দেয়ার ঘটনা হরহামেশাই চলছে। প্রতিদিন রামগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা ও জেলার গণ্ডি পেরিয়ে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে রক্তদান করা হচ্ছে। রক্তদানের বেশিরভাগ কার্যক্রমই অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে।
২০১৫ সালের ১২ মে রামগঞ্জ বাইপাস সড়কের পাশে রক্তদান কর্মসূচির মাধ্যমে এক ঝাঁক তরুণের উপস্থিতি ও সহযোগিতায় সংগঠনটি প্রতিষ্ঠা করেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মাহমুদ ফারুক।
প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পর্তুগাল প্রবাসী মাহিব মিনহাজ ও বাংলাভিশনের সংবাদ পাঠিকা ফাতেমা জান্নাত আইরিন। পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েকশো।
অনেক চড়াই উৎরাই ও প্রতিবন্ধকতা পার করে রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাব আজ স্বমহিমায় তাদের মানবিক সেবা দিয়ে যাচ্ছে কোনো ধরনের শর্ত ছাড়াই।
এ ধরনের মানবিক কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবং আর্থিকভাবে সহযোগিতা করছেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূইয়াসহ রাজনৈতিক, সামাজিক ও মানবিক ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুক বলেন, যতোদিন বেঁচে থাকি মানব সেবায় জীবন উৎসর্গ করতে চাই।







