প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৬:৪৯
সারাদেশে খননের মাধ্যমে সকল খাল অবৈধ দখলমুক্ত করা হবে
---পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে এই কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সারাদেশে এই খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত করা হবে। অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আইনী জটিলতা দেখা দিতে পারে। ওইসব বিষয় আমরা জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবেলা করবো।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি আগামী ১৬ মে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃক বিশ্ব খাল খননের উদ্বোধনী স্থান পরির্দশন করেন।
মন্ত্রী বলেন, সারাদেশের খালগুলো খালের স্থানেই রয়েছে। কেউ যদি অবৈধভাবে কোনো কিছু গড়ে তোলে, স্বাভাবিকভাবে তাকে ওই স্থান থেকে তা উঠিয়ে নিয়ে যেতে হবে। বাকিটা আইনগতভাবে মোকাবেলা আমরা করবো। তবে আমাদের উদ্দেশ্যে ও লক্ষ্য মহৎ। নতুন আঙ্গিকে ও নতুন উদ্যমে একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এর জন্যে সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।
তিনি বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছিলেন, যা ছিলো একটি আন্দোলন ও বিপ্লব। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের কয়েকটি স্থানে খালন খনন উদ্বোধন করেছেন। আবার অনেক জেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা কার্যক্রম শুরু করেছেন। একযোগে এই খাল খননে জাগরণ সৃষ্টি হয়েছে এবং জনগণ সুবিধা পাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, দীর্ঘ বছর এই খাল খনন কর্মসূচি পড়ে ছিলো। কোনো সরকার এ কর্মসূচির উদ্যোগ নেননি। যার ফলে অনেক জায়গায় খালের পাড়ে জমি দখল হয়েছে। খালের মধ্যে বর্জ্য কিংবা আবর্জনা স্তূপ হয়ে আছে। এগুলোকে আমরা সম্পূর্ণভাবে অবৈধ দখল বলতে পারি।
এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন।








