প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২০:৪৭
দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন নাজমুন নাহার বেবী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
|আরো খবর
আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সুবাদে নয়াপল্টনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী চাঁদপুরের নাজমুন নাহার বেবি। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্যে দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
নাজমুন নাহার বেবী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিরি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মো. ইউনুছ খান খাদ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন এবং মাতা মৃত নুরুন নাহার বেগম ছিলেন একজন স্নেহময়ী গৃহিণী। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।
তিনি ঢাকার তেজগাঁও পলিটেকনিক্যাল স্কুল থেকে মাধ্যমিক, লালমাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে উচ্চশিক্ষার জন্যে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। পরবর্তীতে City University of New York-এর Brooklyn College থেকে কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে উচ্চতর ডিগ্রি লাভ করেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র বিএনপির দপ্তর ও প্রচার সম্পাদিকার দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রীবিষয়ক সম্পাদিকা এবং বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনসমূহে সক্রিয় ও অগ্রবর্তী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। ১৯৮২ সালে তিনি বেগম রোকেয়া হল ছাত্রদলের সভানেত্রী নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে বিএনপি নর্থ আমেরিকা শাখার প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক এবং ১৯৯৩ সালে দপ্তর সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য মনোনীত হন। ১৯৯৭ সালে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন।
২০০৪ সালে তিনি কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন এবং ২০০৯ সালে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ ও ২০১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। সর্বশেষ ২০২৩ সালে তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়া বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মহিলা দলের রংপুর বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
নাজমুন নাহার বেবীর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও দেশ-বিদেশে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ তাঁকে বিএনপির একজন দৃঢ়চেতা ও প্রভাবশালী নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী। তাঁর একমাত্র কন্যা তানজিদা নাহার হক নিউইয়র্কের John Jay College of Criminal Justice থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস ও হিউম্যান রাইটসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বর্তমানে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত আছেন।







