বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২২:০২

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ ২৯ নভেম্বর শুরু

স্টাফ রিপোর্টার।।
ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ ২৯ নভেম্বর শুরু

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বাসসকে এ তথ্য জানিয়েছেন।

সচিব আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন উপলক্ষে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলের পাশাপাশি পরবর্তী সময়ে নতুন নিবন্ধন পাওয়া দলগুলোর সঙ্গেও তিন দিনের এ সংলাপে আলোচনা হবে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীদের অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। একটি ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—এ চারটি পক্ষের সমান ভূমিকা প্রয়োজন; এদের সম্মিলিত প্রচেষ্টার ওপরই সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট : এদিকে, পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পূর্ণাঙ্গ তালিকা সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়