প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:১৪
চাঁদপুরে বাজার ও জনস্বাস্থ্য রক্ষায় ৪ কমিটির সমন্বিত সভা, অস্বাস্থ্যকর খাবার নিয়ে সতর্কবার্তা

চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা পণ্য বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আনাম ঋতু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, "আমাদের জেলায় দিন-রাত সবসময়ই হোটেল-রেস্তোরাঁ ও দোকানপাটে খাবার পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, খাবারের মানের দিকে আমরা যথেষ্ট নজর দিচ্ছি না। বিশেষ করে প্রতিদিনের মেনুতে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার—যেমন সিঙ্গারা, সমুচা ও অন্যান্য ভাজাপোড়া খাবারের আধিক্য অনেক বেশি। এসব অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের উচিত স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার তৈরি করা।"
তিনি আরও বলেন, "আমরা এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম দ্রুত অসুস্থ হয়ে পড়বে। জেনে হোক বা না জেনে হোক, আমরা আমাদের সন্তানদের ও ভবিষ্যৎ প্রজন্মকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার খাওয়াচ্ছি, যার ফলাফল কখনোই ভালো হতে পারে না। মাননীয় জেলা প্রশাসক মহোদয় সরকার অর্পিত দায়িত্বের বাইরে গিয়েও জেলার মানুষের কল্যাণে এবং বাজার ও জনস্বাস্থ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের এই উদ্যোগকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, "বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেন। বিশেষ করে ভোজ্যতেল ও জ্বালানি তেলের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়। চাঁদপুর একটি পর্যটনসমৃদ্ধ ও ব্যস্ত জেলা শহর; প্রতিদিন অসংখ্য মানুষ ও পর্যটক এখানকার হোটেল-রেস্তোরাঁয় খাবার খান। কিন্তু অনেক হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে। পচা-বাসি খাবার, পোড়া তেল এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক রঙের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।"
তিনি আরও বলেন, "খাবার তৈরি ও পরিবেশনের সময় কর্মীদের হাতে গ্লাভস এবং মাথায় ক্যাপ পরা বাধ্যতামূলক করতে হবে। হোটেলের সামনের অংশ চাকচিক্যময় হলেও ভেতরের রান্নাঘরগুলো অনেক ক্ষেত্রে অত্যন্ত নোংরা ও স্যাঁতস্যাঁতে থাকে। তাই প্রতিটি হোটেলের রান্নাঘর আরও আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করতে হবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএসটিআইয়ের উপপরিচালক পরিতোষ চন্দ্র তালুকদার, চাঁদপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রুপম, চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, চাঁদপুর জেলা পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক সরোয়ার আলম, চাঁদপুর বিসিকের সহ-সম্প্রসারণ কর্মকর্তা ঝরনা বেগম, চাঁদপুর জেলা ট্রেনিং অফিসার ডা. বিপ্লব কুমার দে এবং চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী মো. নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ আখন্দ, ক্যাব সদস্য মো. বিপ্লব কুমার সরকার, চাঁদপুর জেলা জ্বালানি তেল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহে আলম এবং মেঘনা পেট্রোলিয়ামের প্রধান সহকারী মো. ফারুক আহমেদ।
ক্যাপশন: চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি ও জেলা পণ্য বিপণন কমিটির সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আনাম ঋতু।








