প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২৩:১৪
হাইমচরে দিনভর স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও
প্রয়াত গ্রামপুলিশের পরিবারকে সান্ত্বনা।। এক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দ্রততম সময়ে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ

হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম। পাশাপাশি সম্প্রতি প্রয়াত এক গ্রামপুলিশের বাসভবনে গিয়ে তার শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
|আরো খবর
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করেন। সকালে হাইমচরের ২ নম্বর আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও। এ সময় দায়িত্বরত ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার কাছ থেকে কেন্দ্রের সার্বিক চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরপর তিনি ৯ নম্বর নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শ্রেণিকক্ষে গিয়ে উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় না। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিয়মিত অনুপস্থিত কিংবা দেরি করে আসা শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে দ্রুত অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান ইউএনও।
পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ১ নম্বর গাজীপুর ইউনিয়নের প্রয়াত গ্রামপুলিশ মো. আলী ভূঁইয়ার বাসভবনে যান ইউএনও। উল্লেখ্য, মো. আলী ভূঁইয়া গত ১৯ নভেম্বর অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার বাসভবনে স্বজনদের সঙ্গে আলাপকালে শোক প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে প্রয়াত গ্রামপুলিশের প্রাপ্য আনুতোষিক প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন তিনি।
পরবর্তীতে চরভৈরবী ইউনিয়নের ৫৯ নম্বর খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরভৈরবী আজহারুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শিখন মান বিষয়ে মতবিনিময় করেন তিনি। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ফেলে রাখা নির্মাণসামগ্রী দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও সঙ্গীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ জানান ইউএনও মো. নজরুল ইসলাম।








