প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২০:৪৬
আইসিএমএবি, কুমিল্লা স্টাডি সেন্টার ও চাঁসক হিসাববিজ্ঞান বিভাগের যৌথ সেমিনারে বক্তাগণ
কর্মক্ষেত্রে এগিয়ে থাকতে দক্ষতা অর্জন করতে হবে
চাঁদপুর সরকারি কলেজে আইসিএমএবি স্টাডি সেন্টার স্থাপনের দাবি শিক্ষার্থীদের

চাঁদপুর সরকারি কলেজে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), কুমিল্লা স্টাডি সেন্টার ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন : অ্যান এক্সাইটিং সাকসেস রুট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কলেজের মিলনায়তনে শুরু হওয়া সেমিনারটি দুপুর ২টায় শেষ হয়। এতে চাঁদপুর সরকারি কলেজ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ও পুরানবাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-অতিথিরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আব্দুল মাননান।
|আরো খবর
সেমিনারে মুখ্য আলোচক (রিসোর্সপারসন) হিসেবে বক্তব্য রাখেন আইসিএমএবির সহ-সভাপতি, হোসাফ গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, চাঁদপুর একটি ঐতিহ্যবাহী জেলা। শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চাঁদপুর তথা চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা অসামান্য ভূমিকা রেখে চলেছেন। আজকের এ সেমিনার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিএমএবি সম্পর্কে তাদের জানতে হবে; কারণ কর্মক্ষেত্রে এগিয়ে থাকতে হলে দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, নিজের মধ্যে শেখার মানসিকতা লালন করতে হবে এবং যে কোনো কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে। বর্তমানে অন্যান্য বিষয়ে পড়াশোনা করেও অনেকে আইসিএমএবির মাধ্যমে হিসাববিজ্ঞানের জ্ঞান অর্জন করে এ পেশায় সফলভাবে কাজ করছেন।
অনুষ্ঠানে দৃশ্য-শ্রাব্য উপস্থাপনার (মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন) মাধ্যমে সেমিনারের মূল বিষয়বস্তু তুলে ধরেন আইসিএমএবির পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এফসিএমএ।
সেমিনারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) পেশার নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজে আইসিএমএবি স্টাডি সেন্টার স্থাপনের দাবি জানান। তাদের মতে, এখানে স্টাডি সেন্টার স্থাপন করা হলে স্থানীয় শিক্ষার্থীরা সিএ ও সিএমএ বিষয়ে উচ্চতর জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
বক্তারা জানান, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি পেশাদার প্রতিষ্ঠান। এটি দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) পেশা নিয়ন্ত্রণ ও সনদ প্রদানের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মফিজুর রহমান (রতন)। তিনি তাঁর বক্তব্যে বিভাগের প্রেক্ষাপট, সময়ের সঙ্গে হিসাববিজ্ঞানের ক্রমবিকাশ এবং বর্তমান প্রেক্ষাপটে এ বিষয়ের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন আইসিএমএবি কুমিল্লা স্টাডি সেন্টারের সমন্বয়ক মোহাম্মদ মনির হোসেন, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খালেদ ইকবাল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হারুন-অর-রশিদ, হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান রাসেদ গাজী এবং পুরানবাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান হাবিবুর রহমান পাটওয়ারী। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিনা আক্তার ঈশিতা ও কাজী তানজিল। সেমিনারটি সঞ্চালনা করেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিহা নাসরিন মিম।
হোসাইন।








