প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২১:২৩
জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারকের ২১তম শাহাদাতবার্ষিকীতে চাঁদপুরে স্মরণসভা ও দোয়া

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর বর্বরোচিত বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ শহীদ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমদের ২১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে বিচার বিভাগ, চাঁদপুরের আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) শরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) কামাল হোসেনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ। স্মরণসভায় শহীদ দুই বিচারকের কর্মজীবন, আত্মত্যাগ ও বিচার বিভাগের প্রতি তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে সরকারি মাইক্রোবাসে বোমা হামলার শিকার হন ওই দুই বিচারক। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা তাঁদের বহনকারী মাইক্রোবাস লক্ষ্য করে শক্তিশালী বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই সিনিয়র সহকারী জজ সোহেল আহমদ নিহত হন। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও শহীদ হন। ওই হামলায় আদালতের কর্মচারী ও পথচারীসহ আরও কয়েকজন আহত হয়েছিলেন।








