প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৯
হাজীগঞ্জের অটোরিকশাচালক শাহজাহান হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
বিচারের দাবিতে মানববন্ধন

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু এলাকার বিরোধের জেরে হাজীগঞ্জের অটোরিকশাচালক ও দু সন্তানের জনক শাহজাহান (৩৫)কে পিটিয়ে হত্যার ঘটনায় শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুদ মিয়া ও তাঁর ছেলে ইসমাইল।
|আরো খবর
নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই মানিক হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলাটি দায়ের করেন। এদিকে, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী হাজীগঞ্জের আলীগঞ্জ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর এবং পাশের শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে ধোপল্লা বাজার এলাকায় আবারও মারামারির ঘটনা ঘটে। ওই সময় শাহজাহান যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে ধোপল্লা বাজারের উত্তর পাশ দিয়ে যাচ্ছিলেন। পথে ২০-২৫ জন দুর্বৃত্ত তাকে আটক করে এবং এনায়েতপুর গ্রামের বাসিন্দা হিসেবে শনাক্ত করে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, হামলাকারীরা শাহজাহানকে কিল-ঘুষি, লাথি এবং পায়ের নিচে পিষ্ট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই বাবুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার বড় ভাই শাহজাহান কোনো পক্ষের খেলোয়াড় ছিলেন না, এমনকি কোনো মারামারিতেও জড়িত ছিলেন না। তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। শুধুমাত্র এনায়েতপুরের বাসিন্দা হওয়ার কারণেই নির্দোষ মানুষটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।"
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান চাঁদপুর কণ্ঠকে বলেন, "হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"








