প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২:৫২
মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন আবাসিক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ ছাত্ররা হলো— বড় হলদিয়া গ্রামের রেহান উদ্দিনের ছেলে সিফাত (১০), উদ্দমদী গ্রামের মোতালেব বেপারীর ছেলে সাব্বির (১৫) এবং উত্তর সরদারকান্দি গ্রামের কাউছার প্রধানের ছেলে সাকিন (১১)।
মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা যায়, আবাসিক ওই মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসাতেই অবস্থান করে এবং প্রতি শুক্রবার সকালে নিজ নিজ বাড়িতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করে পুনরায় মাদ্রাসায় ফিরে আসে। নিয়ম অনুযায়ী শুক্রবার সকালে ওই তিন শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা মাদ্রাসায় না ফেরায় এবং বাড়িতেও তাদের খোঁজ না মেলায় শুরু হয় অনুসন্ধান।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ তিন শিক্ষার্থীর কোনো খোঁজ পেলে দ্রুত মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।








